খুলনাঞ্চল ডেস্ক।।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে দুবাইয়ে অবস্থানরত গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে। তাদের দুজনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ফেসবুকে বিভিন্ন আইডি এবং পেজ থেকে তাদের দুইজনের একটি ছবি ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে, নুর ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে দুবাইয়ে বৈঠক করেছেন।
ছবিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টের সামনে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
সম্প্রতি নুর ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা থেকে সৌদি যান। এসময় তিনি কাতার ও দুবাই ভ্রমণ করেন। এখনও তিনি বিদেশে রয়েছেন। সাফাদির সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ভিপি নুর কি পবিত্র ওমরাহ পালনের কথা বলে বিদেশ ঘুরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন?
এ ছাড়া ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে রয়েছে। এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ঢাকা। এমনকি দুইদিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের গোয়েন্দার সঙ্গে ছবি তুলে নুরুল হক নুর কি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিনা, সে প্রশ্নও উঠছে।
ফেসবুকে একটি স্ট্যাটাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ লিখেছেন, ‘গত কিছুদিন যাবৎ নুরু কাতার ঘুরলো, এরপর দুবাই। হঠাৎ করেই কাতার বা দুবাই কেন? কারণ ফাঁস হয়েছে একটু আগে। এক ভাই ছবি পাঠিয়েছেন দুবাই থেকে, যা খুব সম্ভবত আজকে বা কালকে তোলা। বিএনপি নেতা আসলামের কথা মনে আছে, যে কি-না ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির সাথে ভারতে দেখা করেছিল এবং মোসাদ নাকি বিএনপিকে এদেশে ক্ষমতায় বসাবে!! তারপর অনেক ইতিহাস।’
তন্ময় আরও লিখেছেন, ‘এখন আসি নুরু কেন খুব লাফাচ্ছে অনলাইনে লাইভে ও বক্তব্যে, কেনই-বা সে গণমিছিলের প্রোগ্রাম দিয়েও দেশে নাই? কারণ সিম্পল, ইসরাইলের মেন্দি এন সাফাদি তাকে ক্ষমতায় বসিয়ে দেবে। সামনে নেতানিয়াহুর সাথেও মিটিং ফিক্স হবে- এমনটাই বলেছে তার লোকজন।’
তবে নুরের দাবি ছবিটি এডিট করে বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে।
গণমাধ্যমকে তিনি বলেন, এটা এডিট করা ছবি। সরকার ও তার দলের নেতাকর্মীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। বলা হচ্ছে আমরা মোসাদের সঙ্গে মিটিং করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, এর আগে, ২০১৬ সালে বিদেশে বসে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বৈঠক শেষে দুজনের ছবি ফাঁস হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। একপর্যায়ে মামলা হলে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।











































