নিজস্ব প্রতিবেদক।।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ও সাধারণ সভায় গৃহীত প্রস্তাব সংক্রান্ত বিষয়ে কেনো নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না, সে মর্মে ৭দিনের মধ্যে লিখিতভাবে কারণদর্শানোর নোটিশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার খুলনা সদর আদালতের সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল এ আদেশ দেন।
আইনজীবীদের সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি নির্বাচনের নির্বাচন নিষেধাজ্ঞা ও সমিতির আয়-ব্যয়ের তথ্য জানতে চেয়ে আদালতে আরজি দাখিল করেন শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন ও একেএম শহিদুল আলম শহিদ নেতৃত্বাধীন প্যানেল। এতে বিবাদী করা হয়েছে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ লিয়াকত আলী মোল্যা ও সদস্য এ্যাড. আহাদুজ্জামান, সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম তারিক মাহমুদ তারাসহ তাদের নেতৃত্বাধীন প্যানেলের সকলকে। গতকাল এই আরজির বিপরীতে শুনানী অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে শুনানীতে অংশ নেন জেষ্ঠ্য আইনজীবী গাজী আব্দুল বারী, মোল্যা মাসুম রশিদ ও নুরুল হাসান রুবা প্রমুখ।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ লিয়াকত আলী মোল্যা বলেন, “শুনেছি ওরা আদালতে অভিযোগ করেছেন। আদালত শোকজ করেছে শুনছি, তবে কি আদেশে দিয়েছেন সেটা জানতে পারিনি এখনো। নিয়মতান্ত্রিকভাবে শোকজের জবাব দিতে হবে, এটুকুই বলতে পারবো। নোটিশ হাতে না পেয়ে এখনই আর কিছু বলতে পারছি না।”
প্রসঙ্গত্ব, গত বছরের ২৭ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরুতেই দু’টি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। নির্বাচনের একদিন পূর্বে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন ও একেএম শহিদুল আলম শহিদ নেতৃত্বাধীন প্যানেলটি নির্বাচন থেকে সরে দাড়ান।











































