খুলনাঞ্চল রিপোর্ট।।
খুলনার দিঘলিয়ায় ভৈবর নদের ওপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে বিদায়ী বছরের ডিসেম্বরে। ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ শেষে মূল সেতু নির্মাণকাজের অগ্রগতি হয়েছে মাত্র ১৯ শতাংশ। এ নিয়ে ক্ষুব্ধ দিঘলিয়ার মানুষ। এখন নতুন করে প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর বাড়ানোর জন্য প্রস্তাবনা তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায়। ২০২০ সালের ২৭ জুলাই প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এর পর ২০২১ সালের ২৪ মে টেস্ট পাইলিংয়ের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু করোনা মহামারি এবং জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে কাজে ধীরগতি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্পের অর্ধেক কাজও শেষ করা সম্ভব হয়নি।
ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৪ শতাংশ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ টাকা।
দিঘলিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল আলম ও দেয়াড়া গ্রামের কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকল্পের কাজ চলছে খুবই ধীরগতিতে। কবে কাজ শেষ হবে তা নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়বে না।
প্রকল্প-সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের জন্য খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহসিন মোড় থেকে ভৈরব নদ হয়ে দিঘলিয়া উপজেলার মোড় পর্যন্ত জমি অধিগ্রহণ করতে হবে। প্রায় ৩ দশমিক ২৬৫ কিলোমিটার এলাকার ১৭ দশমিক ৪৯ একর জমি অধিগ্রহণ করতে হবে।
এর মধ্যে দিঘলিয়া উপজেলা অংশে ১০ দশমিক ৩৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যা জেলা প্রশাসক গত ৩১ আগস্ট সড়ক বিভাগের কাছে হস্তান্তর করেন। এ ছাড়া খুলনা শহর অংশের মহেশ্বরপাশা মৌজার ব্যক্তি মালিকানা ৪ দশমিক ৫৩ একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। রেলওয়ের ২ দশমিক ৫৯ একর জমি হস্তান্তর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
অধিগ্রহণ করা জমিতে থাকা গাছপালার জন্য রাজশাহীর পশ্চিমাঞ্চল নির্বাহী বৃক্ষপালনবিদ কার্যালয় দরপত্র আহ্বান করেছে, যা আগামী ৯ জানুয়ারি খোলা হবে। স্থাপনা বিক্রির জন্য সড়ক ও জনপথ বিভাগ গণপূর্ত বিভাগকে মূল্য নির্ধারণের জন্য চিঠি দিয়েছে। মূল্য নির্ধারণ করা হলে দরপত্র আহ্বান করা হবে।
সেতুটির মোট দৈর্ঘ্য হবে ১ দশমিক ৩১৬ কিলোমিটার। আর অ্যাপ্রোচ সড়ক হবে খুলনা প্রান্তে নগরীর মহসিন মোড় থেকে ভৈরব নদ পর্যন্ত ১ দশমিক ২৭ কিলোমিটার এবং দিঘলিয়া প্রান্তে ভৈরব নদ থেকে উপজেলা মোড় পর্যন্ত ২ কিলোমিটার।
সেতু নির্মাণের জন্য ৩০৮টি সার্ভিস পাইলের মধ্যে ৪০টির কাজ শেষ হয়েছে। এ ছাড়া দুটি টেস্ট পাইল, ৩০টি পাইল ক্যাপের মধ্যে তিনটি, ২৮টি পিয়ার কলামের মধ্যে তিনটি, ২৮টি পিয়ার ক্যাপের মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে। বর্তমানে একটি সার্ভিস পাইল ও একটি গার্ডারের কাজ চলছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ প্রকল্পের ধীরগতির বিষয়ে বলেন, ভূমি অধিগ্রহণ এবং করোনার কারণে মূল সেতু নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা। আশা করছেন বর্ধিত মেয়াদের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।











































