Home সম্পাদকীয় করোনার নতুন উপধরন

করোনার নতুন উপধরন

10

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পুনরায় জনমনে ভীতির সঞ্চার করছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে নতুন করে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণকারী রোগীর সংখ্যা। যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটির দেওয়া তথ্য অনুযায়ী, চীনে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় হাসপাতালে বেড ও আইসিইউও ফুরিয়ে আসছে। চীনের উহানে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় মানুষের মধ্যে। ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। বৈশ্বিক অর্থনীতিতে দেখা দেয় প্রায় স্থবিরতা। পর্যটন, ব্যবসা-বাণিজ্য সবই থমকে গিয়েছিল তখন। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। প্রথমদিকে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার পর থেকে ধীরে ধীরে কমতে থাকে আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিনের ১ম, ২য় ও বুস্টার ডোজের পরে এখন দেওয়া হচ্ছে চতুর্থ ডোজের টিকা। সবই যখন স্বাভাবিক হতে যাচ্ছিল, তখনই কোভিড-১৯ এর নতুন উপধরন উদ্বেগের সৃষ্টি করেছে। করোনার একটি ধরন ওমিক্রন। আর ওমিক্রনের একটি উপধরন বিএ-৫। আবার বিএ-৫ এর একটি উপধরন বিএফ (বিএ.৫.২.১.৭)। এই উপধরনটি খুব দ্রুত ছড়ায়Ñ মূলত এটিই আতঙ্কের কারণ।
নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে যারা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড থেকে আসছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সর্বশেষ এক সপ্তাহে ভারতে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩০ জন। বিএফ আক্রান্তের সংখ্যা চারজন। প্রতিবেশী দেশ ভারতে শনাক্ত হওয়া মানেই বাংলাদেশ মোটেও শঙ্কামুক্ত নয়। তাই দ্রুত কঠোর কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সচেতনতার নির্দেশনাবলী বর্তমানে খুব কম মানুষই মানছে। পুনরায় আবার সর্বত্র জনসচেতনতা বাড়াতে হবে।
তবে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। কেননা, অতিমারি শুরুর পর থেকে অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসে, তা থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশ। তাই নতুন করে কোনো শঙ্কা দেখা দিলে যেমন উদ্যোক্তা সৃষ্টি হবে না, তেমনি মানুষ বিনিয়োগেও নিরুৎসাহিত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৮ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন যথাক্রমে ৭৪ ও ৩৮ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মপরিকল্পনার জন্য ভয়াবহ অতিমারি থেকে দেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এবারও উপধরন বিএফ-এর সংক্রমণ বাংলাদেশ সহজেই প্রতিরোধ করতে পারবে বলে আশা করা যায়। যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই সর্বাগ্রে চেষ্টা করতে হবে বিএফ উপধরনে আক্রান্ত কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে। এজন্য দেশের স্থল-নৌ সীমান্ত ও বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।