Home সম্পাদকীয় অভিনন্দন আর্জেন্টিনা

অভিনন্দন আর্জেন্টিনা

16

ফুটবলে বিশ্বসেরা সব দেশের মাসব্যাপী লড়াইয়ের চূড়ান্ত খেলাটি সব সময় উপভোগ্য ও নাটকীয় না-ও হতে পারে। এবারেরটি হয়েছে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মহারণ হয়েছে রুদ্ধশ্বাসময় হাড্ডাহাড্ডি লড়াই ও চরম নাটকীয়তায় পরিপূর্ণ। বিশ্ব ফুটবলের শেষের কবিতায় শেষ হাসিমুখটি অবশ্য ফুটবলশিল্পী মেসির, শেষ পরিতৃপ্তি ও সন্তুষ্টি বিজয়ী আর্জেন্টিনার। শিরোপা জয়ের জন্য মেসি ও তার দলকে অকুণ্ঠ ভালোবাসা ও অভিনন্দন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রায় অর্ধেক সংখ্যকেরই প্রিয় দল আর্জেন্টিনা।

তাই তাদের জয়ে এ দেশেও বইছে আনন্দের জোয়ার। বাকি অর্ধেক সমর্থক নিঃসন্দেহে ব্রাজিলের। তবে সেমিফাইনালের আগেই ব্রাজিলের চলা থেমে যাওয়ায় কাক্সিক্ষত দুই দলের মুখোমুখি প্রতিযোগিতা দেখা থেকে শুধু দেশের মানুষই নয়, বিশ^বাসীও বঞ্চিত হয়েছে। কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলায় সর্বশেষ চ্যাম্পিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও ঘটে কালেভদ্রে। এবার ঘটেছে। গতবারের বিশ^ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ফাইনালে পায় আর্জেন্টিনা। ফলে এই জয়ে বাড়তি গৌরবও রয়েছে। আরও একটি বিষয় না বললেই নয়। সেটি হলো দুই দলের দুই মহাতারকা মেসি ও এমবাপের কথা।

ফুটবলের বর্তমান মহানায়ক মেসি যথেষ্ট সিনিয়র হলেও খেলার আগে টগবগে যুবক এমবাপের কথায় কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। নিজেকে মেসির ওপরে তিনি স্থান দিয়ে রেখেছিলেন। বিশ^বাসী দেখেছে এমবাপের গতিময় শক্তিমত্তা ও সৌন্দর্য। প্রথমার্ধে ২-০ গোলে আর্জেন্টিনা এগিয়ে থেকেও বিপাকে পড়েছে সমতায়। খেলা অতিরিক্ত সময়ে গড়ায় ২-২ সমতা বিরাজ করায়। অতিরিক্ত সময়েও মেসির আর্জেন্টিনা এগিয়ে যায়। ফের ফ্রান্সের এমবাপেও হ্যাটট্রিক করে সমতা ফিরিয়ে আনেন।

ফলে মহানাটকীয়তায় ভরা ফাইনাল খেলাটি গড়ায় টাইব্রেকারে। কে না জানে টাইব্রেকার মানেই অনিশ্চিত একটা ব্যাপার, ভাগ্যও তাতে ভূমিকা রাখে। আর ভাগ্যের বিপরীতে থাকে দুর্ভাগ্য। তবে এবার গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের বাজপাখির মতো চোখ ও ঝাঁপ দেওয়ার কারিশমার অতীত পরিসংখ্যানের সুবাদে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতেই হয়েছিল। শেষ পর্যন্ত গোলরক্ষকের প্রতিভা, পেনাল্টি শূট নেওয়া স্ট্রাইকার এবং ভাগ্যের সহায়তা নিয়ে ৪-২ গোলে বিজয়ী হয় আর্জেন্টিনা। ঈশ্বর ফুটবলশিল্পী মেসিকে যেমন প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, তেমনি এমবাপেকেও বঞ্চিত করেননি।

৮ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে পরাজিত দলের এমবাপে পেয়েছেন গোল্ডেন বুট। আর এর ফলে পাদপ্রদীপের আলোয় আর্জেন্টিনার বিদ্যুৎ চমকের ঔজ্জ্বল্যের ভাগ নিতে পেরেছে পরাস্ত দলও। চারচারটি বিশ^কাপ খেলেও যে আক্ষেপে এতকাল পুড়েছেন এবারের গোল্ডেন বল বিজয়ী মেসি সে আক্ষেপ তার ঘুচে গেছে নিজের হাতে বিশ^কাপ ট্রফি তুলে নিয়ে তাতে চুমু খাওয়ায়।
আট গ্রুপে বিন্যস্ত ৩২ দেশের ৩২ দলের ফুটবলযুদ্ধ চার বছরের জন্য বিরতি পেল রবিবার ফাইনাল খেলাটির মধ্য দিয়ে। বিশ^বাসী, এবং অবশ্যই বলতে হবে, বাংলাদেশের মানুষ পুরো একটা মাস আনন্দ উদ্যাপন করেছেন। প্রিয় দলের দেশটির পতাকার রং দিয়ে পুরো বাড়ি সাজানো, দেওয়াল রাঙানো, পতাকা নিয়ে মিছিল করা- পৃথিবীর আর কোন্ দেশে এমন আবেগ, উচ্ছ্বাস ও উন্মাদনা ঘটতে দেখা যায়?

এ থেকেই বোঝা যায় বাংলাদেশের মানুষ কতটা ক্রীড়াপ্রেমী ও উৎসবমুখী। দুঃখজনক হলো, এই ডামাডোলের আড়ালে চাপা পড়ে যায় নিজ দেশের ফুটবলের উন্নয়ন প্রসঙ্গ। আমরা ফুটবলের নীতিনির্ধারকদের সেই দিকটির প্রতিই দৃষ্টি আকর্ষণ করতে চাই। নিজ দেশের একদা সবচাইতে প্রিয় খেলাটির জন্য আমাদের করণীয় ও কর্তব্য যেন ভুলে না যাই।