Home আঞ্চলিক গভীর নিম্নচাপের সৃষ্টিতে মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, বাড়ছে বৃষ্টি

গভীর নিম্নচাপের সৃষ্টিতে মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, বাড়ছে বৃষ্টি

15

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি//
পূর্ব মধ্যবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় এক ধরণের গুমোট আবহাওয়া বিরাজ করছে। নিম্নচাপের কারণে রবিবার সকালে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এর ফলে রবিবার ভোর রাত থেকে থেমে থেমে গুড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতও বাড়তে শুরু করেছে। এতে কয়েকদিনের প্রচন্ড তাপদাহ কিছুটা কমলেও এখন ভ্যাপসা গরম পড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চারিদিকে শীতের কুশায়াও পরিলক্ষিত হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, নিম্নচাপের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে, সংকেত আরো বাড়লে করণীয় সম্পর্কে সমুদ্র বন্দরসহ উপকূলবাসীকে সতর্ক করা হবে। তিনি বলেন, এটি বর্তমানে মোংলা বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ বলেন, আবহাওয়া আমরাও গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এখন বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সিগনাল আরো বাড়লে প্রয়োজনীয় সতর্কাবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, তিন নম্বর সংকেত পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকে।

এদিকে সাইক্লোনের আশংকায় ভীতি কাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পশুর নদীর পাড়ের সিগনাল টাওয়ার এলাকার মোঃ খালেক, মোঃ রফিক বলেন, শুনেছি সিডরের মত বড় ঝড় আসছে, ভয় তে লাগছে। আমাদের তো কাঁচা ঝুপড়ি ঘর। আর যাওয়ারও তো কোন জায়গা নেই।

রবিবার সকালে বন্দরের হাড়বাড়ীয়া ৯ নম্বরে থাকা বিদেশী জাহাজে চাকুরীতে যাওয়া ওয়াচম্যান আপন, তাহের, বাবুল ও ডাবলু বলেন, ঝড় আসছে, তারপরও কি করবো, পেটের তাগিদে জীবনবাজী রেখে জাহাজে যেতে হচ্ছে পরিবার ফেলে রেখে। কি হবে তা জানিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সম্ভাব্য সাইক্লোন সিত্রাং মোকাবেলা আগে থেকেই প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত ও সিপিবিসহ বিভিন্ন সংগঠনকে সর্তক থাকতে বলা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় সতর্কাবস্থায় মোংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষও। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌরবাসীকে আতংকিত না হয়ে সতর্ক থেকে দুর্বল বাড়ীঘরের বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী উচু পাকা ভবনে আশ্রয় নেয়ার আগাম পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন ষ্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। #