Home জাতীয় এবার দুধ দিয়ে গোসল করে যুবলীগ ছাড়লেন ছানোয়ার

এবার দুধ দিয়ে গোসল করে যুবলীগ ছাড়লেন ছানোয়ার

9

খুলনাঞ্চল রিপোর্ট।।
টাঙ্গাইলের মির্জাপুরে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায় নিলেন ছানোয়ার হোসেন নামে এক যুবক। তিনি উপজেলার আজাগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহ্বায়ক হতে না পেরে এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
রোববার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট বাজারে ছানোয়ার হোসেন তার দুই কান ধরে শপথ করেন। পরে এক বালতি দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায়ের ঘোষণা দেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছে।

ছানোয়ার হোসেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার বাবা আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। খাটিয়ারহাট বাজারে অনুষ্ঠিত সম্মেলনে ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আজগানা ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত প্রমুখ বক্তৃতা করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে দুুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন নিজেদের প্রার্থী ঘোষণা করেন। উপস্থিত সকলের সম্মতিতে রোমান সরকারকে আহ্বায়ক ও সুরুজ আল মামুন ও আব্দুল লতিফকে যুগ্ম আহ্বায়ক এবং ছানোয়ার হোসেনসহ ৮ জনকে সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরে ছানোয়ার হোসেন কাঙিক্ষত পদ না পেয়ে রোববার খাটিয়ারহাট বাজারে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায় নেন। এ সময় তিনি কান ধরে উঠবস করেন। শুধু তাই নয়, তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের স্থান ও তার মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে নেন তিনি।
এ বিষয়ে ছানোয়ার হোসেন বলেন, আমার পরিবার আজগানা ইউনিয়ন পূর্বাঞ্চলের একমাত্র আওয়ামী পরিবার। আমার পরিবার ছাড়া এই অঞ্চলে আগে আর কোনো সক্রিয় আওয়ামী পরিবার ছিলো না। আমার পরিবারের এতো ত্যাগ থাকার পরও ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ পেলাম না। আমরা মুুসলাম। রাসুলের কালেমা পড়ে মরতে চাই। যারা জালিমদের সাথে আছেন তারা থাকেন। দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।

দোকানের সামনের জায়গা ও মোটরসাইকেল দুধ দিয়ে ধোয়ার বিষয়ে তিনি জানান, অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আমার মোটরসাইকেলে উঠেছেন। এছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে রাজনীতির কোন আলাপ আলোচনা আর না হয়, সেজন্য মোটরসাইকেল ও দোকানের সামনে দুধ দিয়ে ধুয়ে দিয়েছি।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার জানান, ছানোয়ার হোসেনের পরিবার আওয়ামী পরিবার। কী কারণে দুধ দিয়ে গোসল করে একটি সংগঠনের বিরুদ্ধে এ রকম মন্তব্য করেছেন তা আমার বোধগম্য নয়।

মির্জাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম জানান, সম্মেলনের আগে ছানোয়ার হোসেন নিজেকে প্রার্থীতা ঘোষণা দেননি। এছাড়া তিনি একাই সম্মেলন স্থলে আসেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনি নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা দেন। উপস্থিত সকল সিনিয়র নেতাদের সমন্বয়ে রোমান সরকারকে আহ্বায়ক ও সুরুজ আল মামুন ও আব্দুল লতিফকে যুগ্ম আহ্বায়ক এবং ছানোয়ার হোসেনসহ ৮ জনকে সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের ভাবমূর্তি নষ্ট করতে ছানোয়ার হোসেন কারো উস্কানিতে এ কাজটি করেছেন বলে তিনি দাবি করেন।