খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে ৩য় উপকূলীয় পানি সম্মেলন – ২০২৩ এর প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন আজ ১১ অক্টোবর, ২০২২ বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির চেয়ারম্যান জনাব তালুকদার আব্দুল খালেক। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাওসেড’র নির্বাহী পরিচালক ও ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সম্পাদক শামীম আরফীন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কর তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এবং ২৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী আকবর, সম্মেলন কমিটির কো-চেয়ারপার্সন ও হাজী আব্দুল মালেক কলেজের অধ্যক্ষ দেলওয়ারা বেগম, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আখতার, এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
সংবাদ সম্মেলনে ৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজন উপলক্ষ্যে ইতোমধ্যে গৃহীত উদ্যোগসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জানানো হয় আগামী ২৪-২৫ জানুয়ারী ২০২৩ তারিখ ৩য় উপকূলীয় পানি সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে, এবং সম্মেলনের ভেন্যু হবে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সম্মেলনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা লক্ষ্যে ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক’র সভাপতিত্বে ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, উপকূলীয় অঞ্চলের ৯টি জেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বয়ে জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে এবং অক্টোবর ২০২২ এর মধ্যে উপকূলীয় আরো ১০টি জেলায় কার্যনির্বাহী কমিটি গঠনের কাজ শেষ হবে, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সমস্যার মূল কারণসমূহ ও উত্তরণের উপায় অনুসন্ধান এবং প্রয়োজনীয় কাজের ক্ষেত্রসমূহ নির্ধারণের উদ্দেশ্যে ১৯টি জেলাভিত্তিক ওয়ার্কশপের আয়োজন করা হবে যার প্রাপ্ত ফলাফল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করা হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলনের প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার, ইউটিউব) এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে ক্যাম্পেইন পরিচালনা করা, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্ক ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিশ্চিতের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ শুরু হয়েছে। সম্মেলনের মানসম্মত প্রতিবেদন ও বিভিন্ন ইভেন্টের রিপোর্টিং’র জন্য ডকুমেন্টেশন টিম গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং একই সাথে ভলান্টিয়ার টিম গঠনেরও উদ্যোগ নেয়া হবে। ৩য় উপকূলীয় পানি সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন’ যার প্রেক্ষিতে বাংলাদেশ ও সারাবিশ্বে এসডিজি-৬ অর্জনের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। আগামী ২২-২৪ মার্চ ২০২৩ এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ পানি সম্মেলনের সাথে উপকূলীয় পানি সম্মেলনের অনুসন্ধানী ফলাফলকে সম্পৃক্ত করার প্রয়াস গ্রহন করা হবে বলে জানানো হয় এবং একই সাথে উপকূলীয় পানি সম্মেলনকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে একটি কার্যকরী অংশীদারিত্বমূলক সম্মেলন হিসেবে আয়োজনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ উপকূলীয় পানি সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল সহযোগীতার আশ্বাস দেন।











































