Home আঞ্চলিক তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা

তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা

31

ইলিয়াস হোসেন, (সাতক্ষীরা)।।
তালা উপজেলার নগরঘাটায় প্রদর্শনীর মাধ্যমে মাচানের উপর গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতার মুখ দেখছেন শিক্ষক আব্দুল মতিন। তিনি নগরঘাটা কালিবাড়ী গ্রামের মৃতঃ দ্বীন মুহাম্মদ কবিরাজের পুত্র। উন্নয়ন প্রচেষ্টার সার্বিক সহযোগিতায় এবং কৃষি ইউনিটের আওতায় ব্লাকবেবী ও মধুমালা হাইব্রীড জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমিতে পর্যাপ্ত পরিমাণ তরমুজের ধরন এসেছে। যা দেখলে নিমিষেই মন জুড়িয়ে যায়। গ্রীষ্মকালীন এই তরমুজ ফলটি এক নজরে দেখার জন্য অনেক কৃষক ও উৎসুক জনসাধারণ উক্ত জমিতে ভীড় জমাচ্ছেন।
তরমুজ চাষী শিক্ষক আব্দুল মতিন জানান, তিনি চলতি মৌসুমে ১৮ শতক জমিতে ব্লাকবেবী ও মধুমালা হাইব্রীড জাতের তরমুজ চাষ করেছেন। বীজ রোপন থেকে শুরু করে ২ মাসের মধ্যে তরমুজের পরিপক্ক ফলন আসে। তরমুজ একবারই ফলন দেয় বলে তিনি জানান।
তিনি বলেন, তরমুজ চাষাবাদে এই পর্যন্ত তার জমিতে মোট খরচ হয়েছে আনুমানিক ২৫ হাজার টাকার মত। প্রতিটি তরমুজের ওজন হয়েছে ২ থেকে ৩ কেজি করে। বর্তমানে তরমুজ বাজারে পাইকারী দরে বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকা। যদি বাজার দর ঠিকঠাক মত থাকে তাহলে লক্ষাধিক টাকার তরমুজ কেনা বেচা হতে পারে বলে আশা করেন তিনি।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন জানান, বীজতলা থেকে শুরু করে তরমুজ সুরক্ষিত রাখার ক্ষেত্রে কৃষকদের মধ্যে পলিথিন সরবরাহ করা হয়েছে। এছাড়া জমির শেষ চাষের জন্য কৃষকদের মাঝে জৈব সার সরবরাহ সহ টেকনিক্যাল কিছু খরচ বহন করা হয়।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ বছর তালা উপজেলায় ২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষাবাদ হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হয়ে থাকে।