Home আঞ্চলিক কালীগঞ্জের সেই আদরীর জন্ম বার্ষিকীতে আমজাদ- ছাকিরন পরিবারে আনন্দের বন্যা

কালীগঞ্জের সেই আদরীর জন্ম বার্ষিকীতে আমজাদ- ছাকিরন পরিবারে আনন্দের বন্যা

44

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
দৈনিক সংবাদ ও খুলনাঞ্চলে প্রতিবেদন প্রকাশ হওয়া ঝিনাইদহ কালীগঞ্জের সেই আদরীর শনিবার জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ময়ধরপুরের আমজাদ -ছাকিরন পরিবার ছিল আনন্দমুখর। দুপুরে আদরীর ২য় জন্ম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাকে কেক কাটা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক দৈনিক সংবাদ ও খুলনাঞ্চাল প্রতিনিধি সাবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাবিব ওসমান ও স্থানীয় সূধীজনেরা।
প্রকাশ থাকে যে, ২০০০ সালের শেষের দিকে ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজার এলাকায় ২২/২৩ বছরের পরিচয়হীন এক মানষিক প্রতিবন্ধি মহিলা ঘোরাফেরা করতেন। তাকে দেখা যেত কখনও ময়লা কাপড় চোপড় শরীরে জড়ানো আবার কখনও অর্ধলঙ্গ অবস্থায় থেকে মুখে বিড় বিড় করে কি যেন বলতেন। কেউ কিছু বললে কখনও তেড়ে আসতেন। আবার কখনও দেখা যেতো ঠান্ডা মেজাজে। কিন্ত এর কিছুদিন পরে কোলা বাজারের নিকটবর্তী ময়ধরপুর গ্রামের রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। সে সময়ে চোখ মেলে তাকাতে পারলেও তার ছিলনা কোন নড়াচড়া। অসুস্থ প্রতিবন্ধিকে দেখতে পথচারী ও গ্রামের লোকজন ভীড় শুরু হয়। কিন্ত রাত গভীর হওয়ার সাথে সাথে তা কমতে থাকে। এমন অবস্থায় অসুস্থ প্রতিবন্ধি নারী সেখানেই পড়ে ছিল। কেউ কোন সহযোগীতায় এগিয়ে আসেনি। কিন্ত অসহায় অসুস্থ মানুষটি তো কারও না কারও সন্তান বা বোন। এটা ভেবে বিবেকের তাড়নায় ওই গ্রামের আমজাদ আলী,আব্দুর রশিদসহ বেশ কয়েকজন তাকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে যান। সে দিন কর্তব্যরত চিকিৎসক রোগী দেখেই বলে দেন মেয়েটি অন্তঃসত্ত্বা। এখন তার পর্যাপ্ত খাওয়া দাওয়া আর বিশ্রাম দরকার। দেয়া হলো প্রাথমিক চিকিৎসাসেবা। ওই দিন বেশ খানিকটা সুস্থ হয়ে উঠতেই হাসপাতালের বেডে শুয়েই সে শুরু করে অসহ্য পাগলামী। অস্থির করে তোলে গোটা হাসপাতাল এলাকা। বাধ্য হয়ে গাড়ি ভাড়া করেই আবার তাকে নিয়ে তারা বাড়ি চলে আসেন। এরপর আশ্রয় দেয়ার ইচ্ছা অনেকের থাকলেও অস্থিরতার কারনে সকলেই এড়িয়ে যান। ছাড়তে পারেননি দিনমজুর আমজাদ আলী। কেননা এমন অবস্থায় অসুস্থ পাগলীকে বিবেকের তাড়নায় আর বাজারে ছেড়ে দিতে পারেননি তিনি। গর্ভের সন্তানের কথা চিন্তা করে তিনি নিজ বাড়িতে নিয়ে আশ্রয় দিয়ে তারা স্বামী স্ত্রী পাগলীকে সেবা যত্ন করতে থাকেন। দিনমজুর আমজাদের অভাবের সংসার হলেও তার স্ত্রী ছাকিরন নেছা নিজের সংসারের সদস্যের মত করে সেবা যত্ন ও চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের এই মহত্বের বিষয়টি তুলে ধরে দৈনিক সংবাদ ও দৈনিক খুলনাঞ্চালের প্রথম পাতায় ” দিনমজুর আমজাদের মানবিকতার দৃষ্টান্ত” শিরোনামে অনুসন্ধ্যানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন সন্ধ্যায় তার প্রসব বেদনা শুরু য় পাগলীর। বাধ্য হয়ে তারা পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। রাতেই এ প্রতিবন্ধি ফুটফুটে চেহারার এক কন্যা সন্তানের জন্ম দেন। পরের দিন দৈনিক সংবাদে আবার ফলোআপ নিউজ প্রকাশিত হলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রির দপ্তর থেকে মুঠোফোনে তৎকালিন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে তদারকির নির্দেশ দেয়া হয়। এরপর ওই রাতেই স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, সে সময়ের ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কালীগঞ্জ ইউএনও সূবর্ণা রানী সাহাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন হাসপাতালে। জেলা প্রশাসক শিশুটিকে কোলে তুলে নিয়ে আর্থিক সহযোগীতা প্রদানের পাশাপাশি নিজে নাম রাখেন আদরী। সে সময়ে স্থানীয় সমাজসেবা অধিদপ্তরসহ স্থানীয় সামাজিক বিভিন্ন সংগঠনও এগিয়ে আসে মানবিক সহযোগীতায়। এছাড়াও আমজাদ ছাকিরন দম্পতির মহত্বের জন্য দিনমজুর এ পরিবারকে প্রধানম›ত্রীর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন উপহার সামগ্রী পাঠানো হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই দম্পতির রোজগারের জন্য একটি ইঞ্জিনচালিত মোটর ভ্যান প্রদান করা হয়। বর্তমানে আদরীর বয়স ২ বছর। সে সুস্থ এবং ভালো আছে বলে জানান নানা নানী – আমজাদ ছাকিরন।
কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ বলেন, তিনি নিজে আদরী ও আমজাদের পরিবারের খোঁজখবর নেন। তিি বলেন নিজের রক্তের সম্পর্ক না হলেও আদরী অনেক যত্নে আছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, একটি অসহায় প্রতিবন্ধি নারীর পাশে যে ভাবে আমজাদ -ছাকিরন দম্পতি এগিয়ে এসেছে তাদের এ মানবিকতার জন্য ধন্যবাদ দিতে হয়। সমাজটা সুন্দর করতে হলে আমাদের সকলকে মানবিক হতে হবে। আদরীর জন্ম বার্ষিকীতে তিনি তার কল্যাণ কামনা করেন।