ঢাকা অফিস।।
সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে ইডেন কলেজে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। তবে ছাত্রলীগের দুই গ্রুপের অন্তর্কোন্দলের ঘটনায় চলমান পরিস্থিতি ও কলেজ প্রশাসনের পদক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেননি ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রিভা-রাজিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। পরে এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষের সাক্ষাৎ নিতে যান গণমাধ্যমকর্মীরা। তবে অধ্যক্ষ এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
এদিকে অধ্যক্ষের সাক্ষাৎ পেতে দীর্ঘক্ষণ কলেজ গেটের সামনে অপেক্ষা করেন গণমাধ্যমকর্মীরা। তখন কলেজ একাডেমিক ভবনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়।
অপেক্ষারত শিক্ষকদের কাছে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়। পরে ইডেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. জিয়াউল হক গণমাধ্যমে কথা বলেন।
তিনি বলেন, পরীক্ষা চলছে, তাই অধ্যক্ষ দেখা করবেন না। আমরা সর্বোচ্চ ফোরামে কথা বলেছি। বাধ্যবাধকতার কারণে অধ্যক্ষ কথা বলতে পারবেন না। পরে আপনাদের ডেকে কথা বলবেন।
তিনি আরও বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের ঘটনায় একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি।
এদিকে চলমান কোন্দলের মধ্যেই সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। সন্ধ্যার পর উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
দুপুরে কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা।
জানা গেছে, ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নির্যাতন নেমে আসে। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করেন।











































