মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে মঙ্গলবার রাত ৮ টায় মোংলা বন্দরে হাড়বাড়ীয়ার ১২ নম্বরে এ্যাংকোরেজ করবে বিদেশী জাহাজ এম, মাগদা-পি। গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে এ জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব( বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান ও বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিঃ এর ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে গ্রীক পতাকাবাহী জাহাজ এম,ভি মাগদা-পি। জাহাজটি মঙ্গলবার রাত ৮টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়া এলাকার ১২ নম্বরে এ্যাংকোরেজ করবে। এরপর সেখান থেকে কয়লা খালাস করে তা লাইটারেজ (কার্গো, কোস্টার) করে নেয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। তারপর বিদুৎ কেন্দ্রের জেটি হতে লাইটারেজের কয়লা মজুদ করা হবে পাওয়ার প্লান্টের কোলসেেডে।
স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিঃ এর ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভিড়ে সেখানে ২৪ হাজার ৬০০ মেট্টিক টন কয়লা খালাস শেষে ১৯ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। জাহাজটি মঙ্গলবার রাত ৮ টার দিকে হাড়বাড়ীয় ভিড়বে। এখানে খালাস হবে ৩০ হাজার ৪০০ মেট্টিক টন কয়লা।
এর আগে গত ৫ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম জ্বালানী কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি আকিজ হেরিটেজ। সেটিতে কয়লা আনা হয়েছিলো ৫৪ হাজার ৬৫০ মেট্টিক টন।
তিনি আরো বলেন, এ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানের ৫৪ হাজার ৬৮৪ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ৩১ আগস্ট ছেড়ে আসা হংকং পতাকাবাহী জাহাজ এম,ভি সানিয়া বুধবার সকাল ৮টায় বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে। তিনি আরো বলেন, এ জাহাজটিও প্রথমে চট্টগ্রামে ২২ হাজার ৬৮৪ ও পরে মোংলা বন্দরে ৩২ হাজার মেট্টিক টন কয়লা খালাস করবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় বিদেশ থেকে একের পর এক কয়লাবাহী জাহাজ আসতে শুরু করেছে মোংলা বন্দরে। পদ্মা সেতু চালুর পর ঢাকার আমদানী-রফতানীকারকেরাও এ বন্দর ব্যবহার করতে শুরু করেছেন। এছাড়া খুলনা-মোংলা রেললাইন ও খানজাহান আলী বিমান বন্দর চালু হলে এ বন্দরের কর্মযজ্ঞ আরো অনেকাংশে বেড়ে যাবে। আর দেশের বিভিন্ন স্থানের মেগা প্রকল্প যেমন মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু রেলসেতুসহ গুরুত্বপূর্ণ প্রজেক্টের মুল্যবান মালামালও আসছে এ বন্দর দিয়েই। তিনি আরো বলেন, সম্প্রতি অধিক গভীরতা সম্পন্ন কন্টেইনার জাহাজ বন্দর জেটিতে ভেড়া ও আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ী খালাসে রেকর্ড করেছে মোংলা বন্দর।











































