।। তানভীর বারী হামিম।।
বিশ্ববিদ্যালয় ছুটি পেলে যখন খুলনা আসি , আমার একজন সিনিয়র মানুষের সাথে প্রতিদিন রাতে একদম সব কাজ শেষে ২০ মিনিট-ঘন্টা খানেক আড্ডা দিতেই হয়, কোনদিন সে ফোন করে, আবার কোন কোনদিন আমি নিজেই। সর্বশেষ ঐ মানুষটি আমাকে ১৮ আগস্ট রাত ১১টা ৫ মিনিটে ফোন দেন, আমি ইচ্ছে করেই ফোন ধরেছিলাম না – কেননা, তখন ঘরে ঢুকে গেছি। তার পূর্বে ঐ দিন রাত ৯টায় তাকে আমি ফোন করেছিলাম -কখন দেখা হবে জানতে । বলেছিলেন- “ফ্রি হয়ে কল দিচ্ছি,একটা মিটিংয়ে আছি।” হ্যা, যে মানুষটির কথা বলছি তিনি আর কেও নন ,সদ্য প্রয়াত খুলনা মহানগর বিএনপি নেতা, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক জনাব আজিজুল হাসান দুলু। দীর্ঘ ১টি মাস অসুখের সাথে লড়াই করে হার মানলেও, আমৃত্যু তিনি ছিলেন অপরাজেয় ।
গনতন্ত্র রক্ষার লড়াইয়ে সংগঠক হিসেবে আজিজুল হাসান দুলু’র বিয়োগ বিএনপি’র অপূরনীয় ক্ষতি সাধন করলো। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন সন্ধ্যায় তৎকালীন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি দুলু চাচার ফোন আসলো। হোয়াটস্যাপে ফোন রিসিভ করতেই দেখি ফোনে সংযুক্ত তৎকালীন স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিউল বারী বাবু। সেদিনই শফিউল বারী বাবুর সাথে আমার প্রথম পরিচয় এবং বাবু চাচা, দুলু চাচাকে দায়িত্ব দিলো আগামীকাল থেকে আন্দোলনের আমার যে চাহিদা সেটা দুলু চাচা সব পূরন করবেন। খুলনা স্বেচ্ছাসেবকদলকে চাঙা করার পিছে তার রয়েছে অসম ভূমিকা। ব্যক্তিগত ভাবে কখন কিভাবে যে দুলু চাচার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো -সেটা মনে নেই। অনেক শুক্রবার তার বাসায় সকালে নাস্তা করেছি একসাথে। প্রায়শই মটোরসাইকেল যোগে খুলনা ঘুরে বেড়াতাম, আর খুলনার ট্রেড মার্ক খাবারগুলো খেতাম। শুধু যে রাজনীতি নিয়ে আলাপ হতো তা না , ব্যবসা-সমাজ নীতি কোন আলোচনায় যেন কমতি পড়তোনা।চোখ বন্ধ করে বলতে পারি – গোটা খুলনা আমার যদি কোন একজন প্রশংসা করে থাকেন তিনিই হলেন আমার সদ্য প্রয়াত দুলু চাচা।
আমার এই ২২ বছরের জীবনে ৬ বছরের ঘনিষ্ঠ দুলু চাচা ছিলেন একজন পাথেয়। সামাজিক বিভিন্ন সংগঠন থেকে শুরু করে স্হানীয় সাংবাদিক এবং শহরের প্রতিষ্ঠিত বহু ব্যবসায়ীদের সাথে যে সুসম্পর্ক তা দুলু চাচার মাধ্যমে। গত বছর খুলনা জিলা স্কুলে সে রি-ইউনিয়ন করলাম সেখানে আমার অন্যতম পরামর্শক ছিলেন দুলু চাচা। এ ধরনের কোন কাজে নিংসঙ্কোচে-নির্ভয়ে এগিয়ে যেতাম ।কেননা, দুলু চাচা ছিলেন । আমার বন্ধুদের ও অনেক সময় বলতাম – “আরে দুলু চাচা আছেনা , চিন্তা নেই।”
আজকে উনার মৃত্যুর সংবাদ পাওয়ার পর হাজী মালেক কলেজের শিক্ষক সোহেল ইসহাক ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলছিলো-“কাকা, তোমাকে কখনো বলা হয়নি। তোমার এইচএসসি পরীক্ষার আগে উনি যখন আমাকে কল করে বললেন তোমার কথা ,তোমার সীট পড়ছে আমাদের কলেজে । উনি বলেছিলেন আমাকে -ধরো ,আমার মেয়ে পরীক্ষা দিলে তুমি যেভাবে সহযোগিতা করতে , তার থেকেও বেশি করবা- ধরে নাও আমার ছেলেই।”
দুলু চাচার শেষ সময়ের আড্ডা ছিলো জাতিসংঘ পার্কের মোড়ে বাবুর চায়ের দোকানে। সেটার নামকরন করেছিলেন “জঙ্গল পার্ক”। আজ সকাল ১১টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে চলে গেলেন।একটা সময় যখন খুলনা সদর থানা বিএনপি সভাপতি হওয়ার থেকে বন্চিত হয়েছিলেন , খুব মন খারাপ করেছিলেন। কিন্তু এবার যখন দেশনায়ক তারেক রহমান এবং খুলনা বিএনপির দিক নির্দেশক রকিবুল ইসলাম বকুল তাকে মূল্যায়ন করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক করলেন এবং পরবর্তীতে দলীয় সাংগাঠনিক সভায় সদর থানা বিএনপি কমিটি গঠনের দায়িত্ব পেলেন । আমাকে ফোন করে বলেছিলেন —“চাচা কত স্বপ্ন দেখেছি ,সদর থানা বিএনপির সভাপতি হবো। ভাগ্য কি দেখ! সেই আমি আজ সদর থানা বিএনপির কমিটি করার দায়িত্ব পেয়েছি”।
সাহসী এই সংগ্রামী নেতার শেষ দেখা হলোনা- তার দলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সাথে । হইতো অনেক কথা জমিয়ে রেখেছিলেন তাঁকে বলবেন বলে ।কিন্তু তা আর হলোনা । কেননা,১৯ তারিখ নবগঠিত খুলনা মহানগর বিএনপির সাথে দেশনায়ক তারেক রহমানের যখন স্কাইপি মিটিং চলছে , আজিজুল হাসান দুলু তখন হাসপাতালে চিকিত্সাধীন। দুলু চাচার সাথের স্মৃতি বা তাকে নিয়ে যদি কথা বলতে চাই – এ রাত হইতো শেষ হবে ,কিন্তু লেখা শেষ হবেনা ।
বিএনপির দুলু কত জনপ্রিয় ছিলেন , কত ভাল মানূষ ছিলেন তা আজকে তার জানাযায় এবং সোশ্যাল মিডিয়ায় প্রতীয়মান হয়েছে।শুধু একটি কথা বলি-তিনি ছিলেন তারেক রহমানের দেখতে চাওয়া আজকে যে খুলনা মহানগর বিএনপি -তার অন্যতম একজন থিংক ট্যাংক। ছোট মানুষের কাছ থেকেও যে শেখা যায়, তার অনন্য প্রমান আজিজুল হাসান দুলু। মানুষকে সম্মান দিলে যে মানুষ ছোট হয়না বরং আরো মর্যাদা বৃদ্ধি পায় সেটিও দেখিয়ে দিয়ে গেছেন আজিজুল হাসান দুলু ।
৫১ বছর বয়সে অনেক যশ-খ্যাতি-সম্মান লাভ করে চিরকালের জন্য বিদায় নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন আজিজুল হাসান দুলু । তবে রেখে গেছেন অনেক উদাহরন এবং গ্রহন করার মতন শিক্ষা…।
লেখকঃ প্রচার সম্পাদক কবি জসীমউদ্দীন হল ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক খুলনা মহানগর ছাত্রদল নেতা।











































