মোংলা(বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার কেয়াবুনিয়া গ্রামের অবরুদ্ধ শতাধিক পরিবারের যাতায়াত পথ এখনও উম্মুক্ত হয়নি। ফলে টানা দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অবরুদ্ধদের যাতায়াতের পথ দ্রুত উম্মুক্ত করার আশ্বাস দিয়ে উভয় পক্ষকে নিয়ে আগামী বৃহস্পতিবার গণশুনানীর সিদ্ধান্ত দেন ইউএনও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থাল ত্যাগ না করতেই পথ অবরুদ্ধকারী শ্যামল নাথসহ তার লোকজন জোট হয়ে হামলে পড়ে অবরুদ্ধ পরিবারের সদস্যদের উপর। চিলা বাজারে সন্ধ্যা ৬ টায় এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে কোহিনুর বেগম (৫০), রেজাউল (৩৩), মালেক সরদার (৬০) নামের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া গ্রামের অবরুদ্ধ পরিবারের সদস্য বেল্লাল সরদার, পরাভীনবেগম, রোকসানা ও বেলায়েত সরদার জানান, তাদের যাতায়াত পথ বন্ধকারী শ্যামল নাথ তার লোকজন নিয়ে নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়া প্রতিনিয়ত তাদের মারধরসহ মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন শ্যামল নাথ গং। তারা আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করার পর শ্যামল নাথ গং বিক্ষুব্ধ ও বেপরোয়া আচরণসহ আইনশৃংখলা পরিস্থতি অবনতির তৎপরতা চালাচ্ছেন। এদিকে এ হামলা ও মারধরের ঘটনার পর এলাকায় ফের উত্তেজনা দেখা দেয়ায় চিলা বাজার এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, চিলা বাজারে হামলা ও মারপিটের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।











































