Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

32

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫৮টি স্বর্ণের বারসহ রকিবুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রকিবুল ইসলাম উপজেলার দর্শনা নাস্তিপুর গ্রামের প্রয়াত আব্দুল হাইয়ের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির টহল দল সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে অবস্থান নেয়। মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির টহল দল দেখে তিনি মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করে তাকে আটক করেন বিজিবির সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলের সিট কাভারের নিচে অ্যায়ারক্লিনার ফিল্টারের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ৫৮টি ছোট-বড় স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার টাকা।

শাহ মো. ইশতিয়াক আরও বলেন, বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা রাখা হবে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।