ঢাকা অফিস।।
‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’–পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।’
শুক্রবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।
‘ভারতে গিয়ে বলেছি, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে’–পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘এ কথাটা কিন্তু আজ দেশের প্রতিটি গণমাধ্যমে এসেছে। তার মানে কি জনগণের সমর্থন নেই। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই–এই কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে। এই অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। এই সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটাই এই সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশত থেকে তো আর মিথ্যা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।’
রিজভী আরও বলেন, ‘আমাদের নেত্রী এই সরকারপ্রধানকে লেন্দুপ দর্জি’র সঙ্গে তুলনা করেছিলেন। এটা কি প্রমাণিত হয় না যে আজ মোমেন সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার বক্তব্যই ছিল সঠিক।’
তিনি বলেন, আজ দেশে গুম-খুনের রাজত্ব চলছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই। কিন্তু এগুলো নিয়ে কর্ণপাত করে না সরকার। জনগণের ভিত্তির ওপর তো তারা দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর দিয়ে। সরকার যে দড়িটা ধরে আছে, সেটা জনগণের দড়ি নয়, রশিটা হচ্ছে বাইরের। আজ প্রকাশ্যে সেটা প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার গঠনের প্রশ্নে আমরা সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলি। সরকার সবকিছু হারিয়েছে, তারা জনগণকে ত্যাজ্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে তাদের টিকিয়ে রাখার জন্য। দেশের মানুষের কাছে যাওয়ার তো তাদের মুখ নেই। কারণ, তারা ভোটকে কবর দিয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সিনিয়র সহসভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।











































