Home আঞ্চলিক সাতক্ষীরায় মুন্ডাদের জমি দখলে ছাত্র ও যুবলীগের তাণ্ডব, আহত ৪

সাতক্ষীরায় মুন্ডাদের জমি দখলে ছাত্র ও যুবলীগের তাণ্ডব, আহত ৪

10

সাতক্ষীরা প্রতিনিধি।।

 

সাতক্ষীরার শ্যামনগরে জমি জবরদখলে বাধা দেওয়ায় আদিবাসী মুন্ডা পল্লীর তিন নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার ধুমঘাট পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্র ও যুবলীগ জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আহতরা হলেন উপজেলার ধুমঘাট অন্তাখালি পশ্চিমপাড়ার সনাতন মুন্ডার স্ত্রী রিনা মুন্ডা (৩৫), একই পরিবারের লক্ষীন্দ্র মুন্ডার স্ত্রী সুলতা মুন্ডা (৪০), ফণীন্দ্র মুন্ডার স্ত্রী বিলাসী মুন্ডা (৩৬) ও মুলুক চাদ মুন্ডার পুত্র কার্তিক মুন্ডা (৭০)।

জানা গেছে হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রাশিদুল সরদার ও এবাদুল সরদার নামে দুই ব্যক্তি। তাদের আহ্বানে বংশীপুর থেকে প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া লাঠিয়াল সন্ত্রাসী এসে এই হামলা চালায়। আহতদের উদ্ধার করে দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে হামলার সঙ্গে জড়িত দুই শতাধিক লাঠিয়াল বাহিনী মুন্ডা পল্লীতে বসবাসরত পরিবারগুলোকে অবরুদ্ধ করে রেখে বিরোধপূর্ণ আট বিঘা জমি কলের লাঙল দিয়ে চাষ করে। এ সময় সন্ত্রাসীরা মুন্ডা সম্প্রদায়ের চাষের জমিতে বেড়ে ওঠা ধান তারা সম্পূর্ণ নষ্ট করে দেয়।

হামলার শিকার ফনিন্দ্রনাথ মুন্ডা অভিযোগ করেন, হামলাকারীরা প্রতিটি পরিবারকে বসত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে দীর্ঘদিন ধরে তাদের ভোগ দখলে থাকা জমিতে কলের লাঙল নামিয়ে বিনা বাধায় চাষ করে আসছে। এক পর্যায়ে অবরুদ্ধ অবস্থা থেকে কোনোরকমে নিজেদের ছাড়িয়ে নিয়ে জমিতে গিয়ে চাষে বাধা দেয় তারা। তখন তাদের উপর হামলা চালানো হয়। এ সময় ভাংচুর ও লুটপাট করা হয় তাদের বসত বাড়ি। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানানোর দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে হামলার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। হামলার সঙ্গে জড়িতরা সরকারদলীয় ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মী বলে তিনি আরও জানান।

সুন্দরবন আদিবাসী মহিলা সংস্থা সামস’র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা জানান, সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডবে আহত তিন নারীসহ এক পুরুষকে শ্যামনগর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, মুন্ডা সম্প্রদায়ের জমি হস্তান্তরে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অথচ স্থানীয় কিছু ব্যাক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে উক্ত জমির মালিকানা দাবি করায় বিষয়টি আদালতে বিচারাধীন। এমতাবস্থায় শুক্রবার সকালে উক্ত জমির দখল করতে গিয়ে মুন্ডা সম্প্রদায়ের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাশিদুল ইসলাম বলেন, ‘তাদের জমি মুন্ডা সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে দখলে রেখেছিল। শুক্রবার ওই জমি চাষ করতে গেলে বাধা তারা বাধা দিতে আসে।’ কাউকে মারপিটের ঘটনা তিনি অস্বীকার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, খবর পেয়ে ওই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।