Home আঞ্চলিক মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫

মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫

12

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
পূর্ব শত্রুতার জের ধরে মোংলায় আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী এলাকার চায়না বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে রাত পৌনে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও আহতদের পরিবার জানায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বাজারের বাসিন্দা মোঃ মঈনউদ্দীন শেখের ছেলে নাইম শেখ (১৭) বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলে বাড়ীতে ফেরার পথে তাকে সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদারের সমর্থক হারুনের ছেলে আলম হাওলাদার, রকিবুল হাওলাদার ও মোতালেবের ছেলে ফারুক ও আজবাহার শেখ দেশীয় অস্ত্র (দা-কুড়াল) নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে সেখানে লোকজন জড়ো হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় গ্রুপ। এতে লুৎফর শেখ (৫৫), নাইম শেখ (১৭), আজিজুল হাওলাদার (৪৭), আলম হাওলাদার (৩৫) ও রকিবুল হাওলাদার (২৭) আহত হন। পরে স্থানীয় লোকজন রাতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে আহতদের মধ্যে রকিবুল হাওলাদার (২৭) ও আলম হাওলাদার (৩৫) কে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ সিরাজুল ইসলাম।
এ বিষয়ে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারদার বলেন, দিগরাজ বাজারের মঈনউদ্দীন শেখ পূর্ব শত্রতার জের ধরে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের ওই এলাকায় পুলিশের অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিগত ইউপি নির্বাচনের পর থেকেই সুন্দরবন ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান এই দুই গ্রপের মধ্যে লাগাতার হামলা, মাটপিট, অভিযোগ ও মামলার মত ঘটনা ঘটে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।