ঢাকা অফিস।।
‘ডাক্তারদের কাছে যতটুকু শুনেছি, তার (খালেদা জিয়ার) একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে। হাসপাতালে থাকতে থাকতেই তার আরেকটা উপসর্গ এসে যায়। সেটা হচ্ছে তার সাফোকেশন শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়। তখন ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে, আর বিলম্ব না করে তার এনজিওগ্রাম করবেন। পরে এনজিওগ্রাম করানো হয়’
শনিবার (১১ জুন) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাগুলো বলেন।
তিনি বলেন, ‘এনজিওগ্রাম করে দেখা গেছে তার মেইন আর্টারিটা ৯৯% ব্লক। সেখানে সফলভাবে স্টেইন্ট করেছেন। ডাক্তাররা আশাবাদী, এই ট্রিটমেন্টের ফলে তিনি আপাতত হার্টের যে সমস্যা সেটা থেকে সাময়িকভাবে রিলিভড হলেন।’
বিএনপি মহাসচিব আরো বলেন, দল ও পরিবারের পক্ষ থেকে বহুবার খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য, তাকে যে বিদেশে পাঠানো দরকার সেই বিষয়টাকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে যে ব্যবস্থাটা বলেন, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আজকে আবার তিনি অসুস্থ হয়ে পড়াতে আরও প্রমাণিত হলো- অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, আমরা দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, জনগনের দাবি তার চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক।’যদিও তারা অনির্বাচিত, তবুও আজ আমি আবার তাদের কাছে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য দেশের বাইরে তার চিকিৎসা করার ব্যবস্থা নেওয়া হোক।
এসময় সরকারের প্রতি হুঁশিয়ার কণ্ঠে তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হোক। অন্যথায়, আমরা আবারো বলছি, (খালেদা জিয়ার কিছু হলে) সকল দায়দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে।’











































