স্টাফ রিপোর্টার।।
পদ্মা সেতু চালু হলে হারিয়ে যাবে নদীর দুপাড়ের ঘাটের চিরচেনা ব্যস্ততা। অবসান হবে ফেরি পারাপারের দীর্ঘদিনের ভোগান্তির, মানুষ আর পণ্য পরিবহন হয়ে যাবে সময়ের ব্যাপার। তবে এই ইতিবাচক বাস্তবতাই চরম দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠবে ঘাটের দুপাড়ের কর্মজীবীদের।
সেতু চালুর আনন্দ যখন সারাদেশে, তখন এ মানুষগুলোর কপালে চিন্তার ভাঁজ। জীবন বাঁচাতে নতুন পেশায় জড়াতে হবে তাদের। অনিশ্চয়তা ভর করলেও তাদের আশা সরকার একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। লঞ্চ মাস্টার ইমদাদুল শিকদার। কয়েক বছর ধরে স্টিয়ারিং হাতে অসংখ্য মানুষকে পদ্মা পার করিয়েছেন। তাঁর দক্ষতার কাছে প্রমত্তা পদ্মা কখনো বাধা হয়নি। কিন্তু সামনে একটা কঠিন সময় আসছে, তা বেশ বুঝতে পারছেন তিনি। পদ্মা সেতু চালু হলে কাজ হারাবেন তিনি, এটা অনেকটা নিশ্চিত। একই লঞ্চের লস্কর রমিজের চোখেও কাজ হারানোর আতঙ্ক।
ছয় কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। সেতু চালু হলে উত্তাল পদ্মায় দাপিয়ে বেড়ানো স্পিডবোটের দুরন্ত ছুটে চলা দেখা যাবে না। কাজ হারাবেন এর চালকরা। অনিশ্চয়তা থাকলেও আগামী দিন নিয়ে তাদের রয়েছে চিন্তা-ভাবনা, তবে এ জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা।
ঘাটকেন্দ্রিক পরিবহন, হকার, শ্রমিক, দোকানিসহ যত ধরণের ব্যস্ততা, পদ্মা সেতু চালু হলে চিরচেনা সেই দৃশ্য চোখে পড়বে না, এটা স্বাভাবিক। বেকার হওয়ার আশঙ্কা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে চান তারা।
পদ্মাসেতু সারাদেশে আশার প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে, কাজ হারানোর আশঙ্কায় থাকা মানুষগুলোকেও সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আশার আলো দেখানো হবে।











































