Home আঞ্চলিক বিশ্বসেরা ৫৫ প্রজাতী আমের সফল চাষি পিরোজপুরের আলিম

বিশ্বসেরা ৫৫ প্রজাতী আমের সফল চাষি পিরোজপুরের আলিম

20

পিরোজপুর প্রতিনিধি।।

সূর্য ডিম আম। এখনও অনেকেই এ আমের নাম না শুনলেও বিশ্বজুড়ে এ আমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের সবচেয়ে দামি সূর্য ডিম আমের গাছ যখন দেশের শহরের বাড়ির ছাদে শোভা পাচ্ছে, তখন পিরোজপুরের চাষি আলিমের বাগানে রয়েছে এর কয়েকশ গাছের উৎপাদন। শুধু সূর্য ডিম আম নয়, তার বাগানে শোভা পাচ্ছে ৫৫ প্রজাতীর আমের কলম। এছাড়া বহুজাতিক আমের নার্সারি করে সফলতাও অর্জন করেছেন তিনি।

আব্দুল আলিম। পিরোজপুর পৌর এলাকার মাছিমপুরে বাসিন্দা তিনি। শহরের মাছিমপুরেই রয়েছে তার ৩টি মিশ্র ফলের বাগান। প্রায় দুই একরের এ বাগানগুলোতে ৫৫ প্রজাতীর প্রায় ১০ হাজার আমের চারা রয়েছে। এ সব ছোট ছোট গাছে ঝুলছে দৃষ্টিনন্দন বিশ্বখ্যাত আম।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা সংগ্রহ করে তিনি এ বাগানটি তৈরি করেছেন। তার বাগানের আম যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমের কলম সংগ্রহ করতে আসেন আম প্রেমিরা। তার বাগানের এক একটি আমের কলম বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০০ থেকে ১৫ হাজার টাকায়। তার এ জাতীয় বাগান দেখে উৎসাহিত হচ্ছেন অনেকে। ফলে এলাকার বেকার যুবকরাও ঝুঁকছেন এ জাতীয় নার্সারি তৈরির প্রতি।

 

বিদেশি নানা আমের সমাহার রয়েছে এ বাগানে। শুধু সূর্য ডিম আম নয়, রয়েছে বিএন-৭ এবং শ্রীমুখের মতো বিশ্ববিখ্যাত জাতের আম। এ বাগানে এলে আপনি দেখা পাবেন তাইওয়ান রেড এবং পুশা আমেরিকার মতো বিশ্বখ্যাত জাতের আমের। দৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার রসনার তৃপ্তি হবে।

এবিষয়ে পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ জানান, আলিমের আমের নার্সারিতে কৃষি বিভাগ উদ্দীপ্ত। সহযোগিতার হাত বাড়িয়েছেন তারাও।

বনজ চারা উৎপাদনে পিরোজপুরের নার্সারিগুলো যেমন দেশের প্রায় ৩৫ ভাগ চাহিদা পূরণ করে থাকে, ঠিক তেমনি ফলজ বৃক্ষও এ জেলা গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করে আসছে।