বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে জাকিয়া (১২) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে জাকিয়াকে প্রতিবেশী কালিম শেখ তালশাঁস খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পরিত্যক্ত ঘর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মে রাতে জাকিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কালিমকে আসামিকে করে চিতলমারী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসেন একই বছর ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য তিনজনকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আদালতের আদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।











































