Home খেলাধুলা এশিয়া কাপ আর্চারিতে চারটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে চারটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

18

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপ আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে উজবেকিস্তানের প্রতিযোগী আমির খান সাদিকভকে হারিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। এর আগে আরও তিনটি ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

সোমবার (৯ মে) উজবেকিস্তানের আমির খান সাদিকভকে ৬-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন রোমান সানা। নিজের প্রিয় ইভেন্টে প্রতিপক্ষকে কোনো সুযোগের অপেক্ষায় না রেখেই ফাইনাল নিশ্চিত করলেন তিনি।

ইরাকের সুলায়মানিয়াহতে চলমান এই টুর্নামেন্টে অন্য তিনটি ইভেন্টের ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। দলীয় ইভেন্টে হাকিম আহমেদ রুবেল, আবদূর রহমান আলিফকে সাথে নিয়ে রিকার্ভ দলগত ফাইনালে উঠেছেন রোমান সানা।

এছাড়াও নারীদের দলগত রিকার্ভ ইভেন্টের ফাইনালেও উঠেছে বাংলাদেশ। নারীদের দলগত ইভেন্টের ফাইনালে খেলবেন দিয়া সিদ্দিকী, নাসরিন আকতার এবং বিউটি রায়।

অন্যদিকে রিকার্ভ ছাড়াও কম্পাউন্ড ইভেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশ। আশিকুজ্জামান, মিঠু রহমান ও নওয়াজ আহমেদ ফাইনাল নিশ্চিত করেছেন।

বুধবার (১১ মে) ফাইনালে মাঠে নামবেন রোমান সানা। স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে রোমান প্রতিপক্ষ হিসেবে থাকছেন ভারতীয় মৃণাল চৌহান।