যশোর অফিস।।
যশোরের বেনাপোলে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
আজ সোমবার দুপুর ১টায় দিকে যশোর শহরের লাল দিঘির পাড় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিগ হয়।
এসময় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ মে রাত ৮টার দিকে উপজেলা যুবদলের সদস্য ইমদাদুল হক বেনাপোল বলফিল্ডের সামনে তার সহকর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় আওয়ামী ও যুবলীগের কতিপয় নেতাকর্মী সেখানে গিয়ে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারপিট করে। বাধা দিলে তার সাথে থাকা যুবদল নেতা আজিম, দিপু, আশরাফুল ও রিপনকেও বেধড়ক মারপিট করা হয়। এরপর হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় এবং বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ কারণে তাদের আটক ও বিচারের মুখোমুখি করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











































