যশোর অফিস।।
যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর সীমানায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেল লেগে শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮) দুই তরুণের মৃত্যু হয়েছে।
নিহত শাহিনুর ও সাগর যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলী ও বাবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় তাদের কারও মাথায় হেলমেট ছিল না।
বুধবার (৪ মে) বিকেল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, শাহিনুর ও সাগর একটি মোটরসাইকেলে (ঝিনাইদহ -ল-১২-০৫৩৭) করে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুর উপজেলার বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে মেরে দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মোটরসাইকেলের আরোহী সাগরের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. উত্তম কুমার বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শুনেছি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মারা গেছে। তবে, সেটি মহেশপুর থানার ভেতরে।
জানতে চাইলে মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু তারা কোনও প্রকার তথ্য দেননি। স্থানীয়রা জানিয়েছেন, মৃত্যুর ঘটনা চৌগাছা থানার ভেতরে, সেকারণে মহেশপুরে মরদেহ নিয়ে যাওয়া বা দুর্ঘটনার তথ্য তারা চৌগাছা থানায় জানাবে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে











































