খুলনাঞ্চল রিপোর্ট।।
নদী ও হৃদে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈসাবি উৎসব। বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুল বিজু, ত্রিপুরা হাড়িবৈসুক, মারমারা সূচিকাজ নামে পালন করে এটি। সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমন প্রত্যাশা স্থানীয়দের।
পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। বৈসাবির আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটির বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রংবেরংয়ের পোশাক পরে ফুল হাতে ঘাটমুখী পাহাড়ি তরুণ-তরুণীরা।
কাপ্তাই হ্রদের পাড়ে এ যেন রংয়ের আলোর ছটা। কলাপাতায় ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হয় ফুল বিজু। গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনা তাদের পাহাড়ে হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে।
এদিকে, খাগড়াছড়ির চেঙ্গী নদীতেও ফুল ভাসান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা। এ সময় পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানান তারা। পার্বত্য জেলাগুলো পরিণত হয় সব মানুষের মিলনমেলায়। এ উপলক্ষে জেলায় বেড়েছে পর্যটকের সংখ্যাও।
বুধবার অনুষ্ঠিত হবে চাকমাদের মূল বিজু, ত্রিপুরাদের ফুল বিজু ও মারমাদের সাংগ্রাই উৎসব। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈসাবির আনুষ্ঠানিকতা ১৬ এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে ।











































