Home আঞ্চলিক উপাচার্যের সাথে দুই সদস্যের বিশেষজ্ঞ টিমের সৌজন্য সাক্ষাৎ

উপাচার্যের সাথে দুই সদস্যের বিশেষজ্ঞ টিমের সৌজন্য সাক্ষাৎ

13

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের লক্ষ্যে পরিবেশগত ও সামাজিক অভিলক্ষ্য নিরূপণে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের দুই সদস্যের একটি বিশেষজ্ঞ টিম আজ ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রস্তাবিত ইনোভেশন হাব স্থাপনে সংশ্লিষ্ট দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য তাদের স্বাগত জানিয়ে বলেন, ভৌগলিক অবস্থান ও ৪র্থ শিল্প বিপ্লবের উদ্দেশ্য পূরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভশন হাব প্রতিষ্ঠিত হলে তা কেবল খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং এ অঞ্চলের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও শিক্ষিত জনগোষ্ঠির প্রশিক্ষণ, উদ্ভাবন ও অভিজ্ঞতা অর্জনে প্রভূত উপকারে আসবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে জ্ঞানের সকল শাখার সম্মিলন ঘটানোর উদ্যোগ ও প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনে সিদ্ধান্তের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট অতিরিক্ত সচিব (অব.) ড. মো. বিল্লাল হোসেন ও সোশ্যাল স্পেশালিস্ট মো. নজরুল ইসলাম ছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ কবির আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪ তলাস্থ প্রস্তাবিত ইনোভেশন হাবের স্থান পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।
ইনোভেশন হাব তৈরির ফলে ৪র্থ শিল্প বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নে উদ্যোক্তাদের কল্যাণে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া, প্রশিক্ষণ, গ্রুমিংসহ উদীয়মান ও সম্ভাবনাময় স্টার্টআপ বা উদ্যোক্তাদের নানামুখী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। উদ্যোক্তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন, যা তাদের উদ্ভাবন বা স্টার্টআপকে সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

খুবি কর্মকর্তা মাসুদুর রহমান মিয়ার মাতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়ার মাতা মনিরুন্নেছা গতরাত ১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি তিন পুত্র ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ যোহর করিমনগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সিএসই ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুন্নুজাহান আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ ১০ রমজান (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিল হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আসে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। পবিত্র এ মাসটি আমাদের সাম্য, সংযম ও মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয়। ভ্রাতৃত ও সৌহার্দ্য সৃষ্টি করে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিনগুলো চলতে হবে। মাহে রমজানের এ কল্যাণময় মাসে আমরা দোয়া করি যাতে বিশ্ববিদ্যালয়ের সবাই ভালো থাকতে পারি। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।