স্টাফ রিপোর্টার।।
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং ঈদের আগে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। রোববার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালে সরকার ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। সরকার লিজ প্রক্রিয়ায় ব্যক্তি মালিকদের বরাদ্দ দিয়ে এসব পাটকল পরিচালনা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দীর্ঘমেয়াদি স্থিতিশীল অর্থনৈতিক বিকাশের কথা বিবেচনা করলে সরকারের এই সিদ্ধান্ত মহাবিপদ ডেকে আনবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় স্থায়ী, বদলি ও দৈনিক মজুরিভিত্তিক ৬০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বদলি শ্রমিকদের প্রায় অর্ধেক এবং খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ ৫টি মিলের শ্রমিকরা কেউই এখনও বকেয়া টাকা পায়নি। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাও তাদের প্রাপ্য টাকা পায়নি।
সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু করতে হবে, ঈদুল ফিতরের আগেই শ্রমিক-কর্মচারীদের বকেয়া সব পাওনা পরিশোধ করতে হবে। পাট ও অর্থ মন্ত্রণালয় এবং বিজেএমসির কর্মকর্তাদের দুর্নীতি-ভ্রান্তনীতি-লুটপাটের বিচার ও মাথাভারী প্রশাসন পোষা বন্ধ করতে হবে। স্কপের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় বরাদ্দ সাপেক্ষে পাটকলগুলোকে আধুনিকায়ন করতে হবে, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন নেতা মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) মোজাম্মেল হক খান, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।











































