মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামে কাজলা নদীতে মাছ ধরার অবৈধ ‘কারেন্ট জালে’ জড়িয়ে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমঝুপি গ্রামের পশ্চিম পাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে।
পুলিশ জানায়, সকাল সাড়ে এগারটার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীতে গোসল করতে যায়। এসময় শিশু মাহি সাঁতার কাটতে গিয়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা ‘কারেন্ট জালে’ জড়িয়ে পড়ে। মাহির মা সন্তানকে না পেয়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে নদীতে নেমে তল্লাশি চালিয়ে কারেন্ট জালে আটকিয়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।











































