স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছায় দেবব্রত দেবনাথ (৩৮) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন।
রোববার (৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে কপোতাক্ষ বিলের মধ্যবর্তী নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
দেবব্রত উপজেলার রাড়ুলী গ্রামের মনসা দেবনাথের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী খড়িয়াটি গ্রামের মোঃ রহমান জানান, প্রতিদিনের মতো তিনি রাড়ুলী এলাকার কপোতাক্ষ বিলে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় বিলের মধ্যে ফাঁকা জায়গায় তিনি দেবব্রতকে মাটিতে লুটিয়ে ছটফট করতে দেখে দ্রুত তার বাড়িতে খবর দেন। তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়।
সর্বশেষ এ ঘটনায় মৃতের ভাই দেবব্রতকে মানষিক ভারসাম্যহীন (পাগল) উল্লেখ করে পাইকগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।











































