বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়। এ হামলায় আহত হন ২০ জন শ্রমিক। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বাদী হয়ে ৩টি মামলা করেন। মামলার পরপরই গা-ঢাকা দেয় রাশেদ আলী।
শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করেন রাশেদ আলীকে।
কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ৭টি মামলা রয়েছে।
রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে। রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশেদের সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।











































