Home জাতীয় ছোট্ট ছেলে-মেয়েকে বেঁধে রেখে মাকে গলাকেটে হত্যা

ছোট্ট ছেলে-মেয়েকে বেঁধে রেখে মাকে গলাকেটে হত্যা

8

ঢাকা অফিস।।
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মুক্তা আক্তার (২৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই নারীর ছেলেমেয়েকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে সবুজবাগের ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আজগর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মুক্তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

আরও পড়ুন: খুলনায় কাউন্সিলর কাউট ও তার ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। এ ছাড়া ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তার ছেলে-মেয়েকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মেয়ের বয়স চার থেকে পাঁচ বছর এবং ছেলের বয়স এক বছর হবে। মেয়ের অবস্থায় ভালো থাকলেও ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজগর আলী আরও জানান, ওই নারীর স্বামীর নাম মাইনুল ইসলাম। ফরিদপুরে একটি হাসপাতালে চাকরি করেন। চাকরির কারণে তিনি ফরিদপুরেই থাকেন। মাঝেমধ্যে দক্ষিণগাঁওয়ের বাসায় আসেন।

তিনি জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।