খুলনাঞ্চল রিপোর্ট।।
বরিশাল কোতয়ালী মডেল থানায় নিজ পিস্তলের গুলির শব্দে এক পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে থানার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। অচেতন সহকারি উপপরিদর্শক মো. সেলিম বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, সহকারি উপপরিদর্শক সেলিম ডিউটি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গুলি ছোড়ার শব্দ হয়। এ সময় অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিজ পিস্তলের গুলির শব্দেই তিনি অচেতন হয়ে পড়েন।
আরও পড়ুন :ছোট্ট ছেলে-মেয়েকে বেঁধে রেখে মাকে গলাকেটে হত্যা
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, আমরা মনে করছি এটা মিসফায়ার হয়েছে। ওই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস জিরো হয়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তলটি পরে গিয়ে মিসফায়ার হয়। এতে তিনি আরও অসুস্থ হয়ে পরেন। কারো শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের (পুরুষ) রেজিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।











































