স্টাফ রিপোর্টার ।।
নগরীর সরকারি মহিলা কলেজ বাউন্ডারী রোড এলাকার জেসমিন নাহার হত্যা মামলায় প্রেমিক আসাদ সরদার ওরফে আসাদউজ্জামান সরদার ওরফে আরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আসাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরুল সরদারের ছেলে।
রবিবার (২০ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় প্রদান করেছেন। রায় ঘোষণাকালে আসাদ পলাতক ছিলেন। মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মো. আব্দুল হালিম গাজী, শেখ ফরহাদ আহমেদ, অনুপম মহলদার ও সৈয়দ ইমাম মোসাদ্দেকীন ওরফে মোহর।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, খুলনা সরকারি মহিলা কলেজ বাউন্ডারী রোড এলাকার বসিন্দা রাশেদ মল্লিকের ছোট মেয়ে জেসমিন নাহার। ২০১৩ সালের ২৯ নভেম্বর মায়ের নাকফুল মেরামত ও উপটান কিনতে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। সম্ভাব্য সবস্থানে খবর নিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। এর দু’দিন পর সকাল সোয়া ১০টার দিকে বড় বয়রার দাসপাড়া এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে পলিথিনে মোড়ানো বস্তার মধ্যে থেকে জেসমিনের লাশ উদ্ধার করা হয়। ওইদিন নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের ৬মাস আগে আসাদ নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। ২০১৩ সালের ২৯ নভেম্বর বিকেলে আসাদের সাথে দেখা করতে বয়রা বন বিভাগ অফিসের সামনে আসে সেখান থেকে তাকে নেওয়া হয় সৈয়দ ইমাম মোসাদ্দেকীন ওরফে মোহরের বাড়িতে। ওইখানে তাকে বিয়ের প্রস্তাব দেয় আসাদ। রাজি হয় জেসমিন। কিন্তু আসাদ লালসা চরিতার্থ করতে গেলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়ে চিৎকার করতে গেলে আসাদ তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে পাটের তৈরি বস্তা ও নীল রং এর পলিথিন দিয়ে তার লাশ পেচিয়ে বড় বয়রা হাজী ফয়েজ উদ্দিন সড়কের কবরস্থানে ফেলে আসে। ২০১৬ সালের ১০জুন সিআইডির এসআই পলাশ গোলদার আসামিদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মেদ।











































