দুটি তদন্ত কমিটি ॥ ঘটনাস্থলে প্রত্যয়
ঢাকা অফিস।।
শহরের শীতলক্ষ্যায় সৈয়দপুরের আল-আমিন নগর এলাকায় আবারও একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রবিবার বেলা আড়াইটার দিকে লঞ্চডুবির এ ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই শিশু ও তিন নারীসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুর্ঘটনার পর লাশগুলো উদ্ধার করা হয়। নৌ-পুলিশ বলছে, লঞ্চ ডুবির ঘটনায় ১০-১৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নিখোঁজের সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধাক্কা দেয়া কার্গো জাহাজ এমভি রূপসী-৯কে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় লঞ্চটি বেলা আড়াটার দিকে সৈয়দপুরের আল-আমিন নগর এলাকায় পৌঁছলে রূপগঞ্জ থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজ এমভি রূপসী-৯ যাত্রীবাহী লঞ্চটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। কার্গো জাহাজটি প্রায় তিন মিনিট পেছনের দিকে থেকে ধাক্কা দিতে থাকে। এ সময় লঞ্চটি সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানায়, লঞ্চ ডুবির পর ১০-১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বেশকিছু যাত্রী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। লঞ্চ ডুবির ঘটনায় খবর ছড়িয়ে পড়লে নিখোঁজের স্বজনরা নদীতে এসে ভিড় করে। কেউ কেউ নৌকা নিয়ে ডুবে যাওয়া লঞ্চটির স্থানে গিয়ে স্বজনদের সন্ধানে ছুটে যায়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, লঞ্চ ডুবির ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লঞ্চ ডুবির ঘটনায় দায়ী কার্গো জাহাজটি পুলিশ আটক করেছে। জাহাজটি ডকইয়ার্ডে ফেলে মাস্টারসহ জাহাজের লোকজন পালিয়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের এ্যান্ড সিভিল ডিফেন্সর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জয়নাল আবেদিন (৫৫)। তার পিতার নাম মৃত জুলফিকার আলী। তিনি মুন্সীগঞ্জ ইসলামপুর এলাকার বাসিন্দা। তার আত্মীয় জহিরুল ইসলাম মুন্সি জানান, জয়নাল বালু ড্রেজিংয়ের ব্যবসা করতেন। সেই কাজেই নারায়ণগঞ্জ গিয়েছিলেন।
স্বজনদের আহাজারি ॥ শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় এমএল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবির পর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন লঞ্চের যাত্রীরা। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। নৌ-পুলিশ বলছে এখনও ১০-১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজের স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছে। মুন্সীগঞ্জের ইসলামপুরের বাসিন্দা মোঃ হাতেম (৫৫) এখনও নিখোঁজ রয়েছেন। তার বড় ভাই আনোয়ার হোসেনসহ স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছে। এদের মধ্যে অনেক নিখোঁজ যাত্রীর আত্মীয়-স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করতে দেখা গেছে। অনেকেই নদীর নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে ছুটে আসছে।
গত ২০২১ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় এমভি সাবিত আল হাসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যার সৈয়দপুরে ডুবে গেলে ৩৪ জনের লাশ উদ্ধার হয়।
দুটি তদন্ত কমিটি গঠন ॥ শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর আল-আমিন নগর এলাকায় একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ও নৌ-পরিবহন মন্ত্রণালয় এ দুটি তদন্ত কমিটি গঠন করে। রবিবার সন্ধ্যায় এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চ ডুবির ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নৌ-পুলিশের একজন, ফায়ার সার্ভিসের একজন, বিআইডব্লিউটিএর একজন, জেলা পুলিশের একজন ও উপজেলা প্রশাসনের একজন রয়েছেন।
অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রণালয় একই লঞ্চ ডুবির ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (টিএ, অডিট ও আইন) ড. আ ন ম বজলুর রশিদকে আহ্বায়ক করে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ তদন্ত কমিটির বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আ ন ম বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।











































