Home আঞ্চলিক খুবিতে তিন দিনব্যাপী সংগঠন মেলার উদ্বোধন

খুবিতে তিন দিনব্যাপী সংগঠন মেলার উদ্বোধন

10

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে তিন দিনব্যাপী সংগঠন মেলা ২০২২ শুরু হয়েছে। আজ ২০ মার্চ ২০২২ খ্রি. রবিবার বিকেল ৫ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। করোনা মহামারির পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এসময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, লোপা ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এবারের মেলায় নৃ-নাট্য, অমিত্রাক্ষর, খুবিসাস, ওংকার শৃণুতা, চেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, বায়োস্কোপ, ফটোগ্রাফিক সোসাইটি, ফিল্ম ক্লাব, ইনোভেশন ক্লাব, নৈয়ায়িক, চেতনা ৭১, বাঁধনসহ প্রায় ২৫টি সংগঠন অংশগ্রহণ করেছে।

খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২২ অনুষ্ঠিত


আজ ২০ মার্চ ২০২২ খ্রি. তারিখ সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২২ উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ঐতিহ্যকে সমুন্নত রেখে পরিবেশ সম্মত স্থাপত্যকর্ম সৃষ্টি প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন দেশে স্থাপত্য শিক্ষায় বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশ বিদেশে তাদের কাজের নান্দনিকতা ও স্থাপত্যের ধরণই তাদের এই অর্জনকে এনে দিতে প্রধান ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভিন। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এটি এম মাসুদ রেজা। প্রধান অতিথি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডিদের হাতে সনদপত্র তুলে দেন এবং পরে ফিতা কেটে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো’র উদ্বোধন করেন। এরপর তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন স্থাপত্য নকশার মডেল ঘুরে দেখেন।