খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নং যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নির্দেশে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানা গেছে, যুগীখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আমিন উদ্দীন শেখ এর ছেলে রায়হান শেখ একই গ্রামের প্রয়াত জনাব আলী শেখ এর ছেলে করিম শেখ এবং প্রয়াত ওমর আলী শেখ এর ছেলে কাদের শেখ সম্মিলিতভাবে তাদের শরীককৃত পুকুরে গভীরতা ভরাট করার নিমিত্তে পাশর্^বর্তী পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে রবিউল হাসান চেয়ারম্যানের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন করছে রায়হান শেখসহ তার শরিকরা। জনবসতি এলাকা হওয়ায় বালু উত্তোলনের ফলে যে কোন সমসয় ভূমি ধ্বংসের ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। তারা আরও জানান রায়হান শেখ ৫৫ হাজার টাকা দিয়ে কেশবপুর থানার বরণডালী থেকে ড্রেজার মেশিন ভাড়া করে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছেন। তারা আরও জানান সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যেন দেখার কেউ নেই। এ বিষয়ে বালু উত্তোলনকারী রায়হান শেখের সাথে মুঠোফোনে আলাপকালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সংশ্লিষ্ট কোন কর্মকর্তার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নির্দেশে ৫৫ হাজার টাকা চুক্তিতে ড্রেজার মেশিন ভাড়া নিয়ে বালু উত্তোলন করছি পুকুর ভরাট করার জন্য। এ বিষয়ে যুগীখালী ১২ নং ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সাথে মুঠোফোনে আলাপকালে পাইকপাড়া পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রায়হান শেখ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এটা সত্য। তবে কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। মানবিক দৃষ্টিকোন থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, বালু ভরাটকৃত অংশে জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাপ্লাই পানির ট্যাংকি নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর থেকে ২ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্ধ এসেছে । বালু দিয়ে গভীর পুকুরটি ভরাট না করলে প্রকল্পটি ফেরত চলে যাওয়ার আশঙ্কায় বালু উত্তোলন করা হচ্ছে। রায়হান শেখ আপনার নির্দেশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি রায়হানকে কোন নির্দেশ দেয়নি। এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে আলাপকালে ড্রেজার মেশিন দিয়ে পাইকপাড়ায় রায়হান শেখের পুকুর থেকে বালু উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমে আমি অবগত হয়েছি। তাদেরকে বালু উত্তোলনের কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি।










































