মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে প্রবেশের সময় পারাপারে সহায়তাকারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্তের ৫১নং মেইন পিলারের ২০০গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলার বর্ণি গ্রামে ফটিক দাসের ছেলে সন্যাসী দাস (৪০), পিরোজ জেলার সিরামকাঠি গ্রামের জগবন্ধু মন্ডলের ছেলে পুশপেন্দ্র মন্ডল (২৭), নারায়ণগঞ্জের কাশিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৬), চট্টগ্রামের কাপ্তাই রাস্তামাথার আব্দুর রহিমের মেয়ে খাদিজা আক্তার পুতুল (২৮)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে দেশে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।











































