স্টাফ রিপোর্টার।।
খুলনায় গৃহবধূ খুকুমনিকে পুড়িয়ে হত্যা মামলায় নিহতের স্বামী কামরুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব- ৬। সোমবার রাত ১১টায় নগরীর আল ফারুক মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত অব্যাহত রেখেছিল। আদালত মামলা গ্রহণের নির্দেশ দেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে স্বামীর দেওয়া আগুনে পুড়ে যায় খুকুমনির শরীর। গত ২১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে গত ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা শিউলী বেগম।
মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা থানার ওসিকে আবেদনটি হত্যা মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেন আদালত। এ মামলায় খুকুমনির স্বামী কামরুল ইসলাম স্বাধীনকে আসামি করা হয়।











































