Home জাতীয় দলবদ্ধ ধর্ষণের কথা প্রকাশ হয়ে পড়ার ভয়ে নারীকে ৬ টুকরো

দলবদ্ধ ধর্ষণের কথা প্রকাশ হয়ে পড়ার ভয়ে নারীকে ৬ টুকরো

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

সুনামগঞ্জের জগন্নাথপুরের ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটের ‘অভি মেডিকেল হল’ নামের ফার্মেসি থেকে শাহানাজ পারভিন জ্যোৎস্না (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেস চন্দ্র গোপ পলাতক থাকায় জানা যায়নি কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছিলো।

ঘটনার খবরে ছায়া তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে নেমে মাত্র দুই দিনে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করে সংস্থাটি। এরপরই বেরিয়ে আসে হত্যার মূলরহস্য।

গ্রেফতারকৃতরা হলেন- জিতেস চন্দ্র গোপ, অনজিৎ চন্দ্ৰ গোপ (৩৮) ও অসীত গোপ (৩৬)।

সিআইডি জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে একটি গোপন রোগে ভুগছিলেন। সেই রোগের চিকিৎসার জন্য তিনি পূর্ব পরিচিত অভি ফার্মেসিতে ওষুধের জন্য গেলে তার প্রতি কুনজর পড়ে ওষুধের দোকানদার জিতেস চন্দ্র গোপের। এরপর জিতেস তার আরও দুই সহযোগীকে ডেকে এনে ওই নারীকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণ করে। এতে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে ওই নারী ঘটনাটি সবাইকে জানাবে বললেই ধর্ষকরা নারীকে তাৎক্ষণিক হত্যা করে এবং তার মৃতদেহ সহজে লুকিয়ে ফেলতে ছয় টুকরো করে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

তিনি জানান, এই ঘটনায় ছায়াতদেন্তর মাধ্যমে জড়িত সন্দেহে প্রথমে সুনামগঞ্জ থেকে জিতেসের সহযোগী অনজিৎ চন্দ্ৰ গোপ ও অসীত গোপকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারার নূরের চালা এলাকা থেকে মূলহোতা জিতেস চন্দ্র গোপকে গ্রেফতার করা হয়।

এসএসপি মুক্তা ধর বলেন, শাহনাজ ২০১৩ সাল থেকে পৌর শহরের নিজ বাসায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। তার স্বামী হরকু মিয়া দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। পরিবারের সদস্যদের জন্য জিতেশের ‘অভি মেডিকেল হল’ ফার্মেসি থেকে নিয়মিত ওষুধ কেনার ফলে জিতেশের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। শাহনাজ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওই সমস্যার জন্য পরামর্শ ও ওষুধ নিতে বৃহস্পতিবার বিকালে জিতেসের ফার্মেসিতে যান। এরপর ওই নারীকে ফার্মেসির ভেতরে প্রাথমিক চিকিৎসা কক্ষে বসিয়ে রাখা হয় এবং কাস্টমারের ভিড় কমলে তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের জন্য সঠিক ওষুধ তাকে দেওয়া হবে জানানো হয়। এক পর্যায়ে রাত হয়ে গেলে এবং কাস্টমার সব চলে গেলে জিতেশ তার বন্ধু মুদি দোকানদার অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে সঙ্গে নিয়ে শাহনাজকে ধর্ষণের পরিকল্পনা করেন। তাই তাকে চিকিৎসার কথা বলে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। জোৎস্না ঘুমিয়ে পড়লে ফার্মেসি বন্ধ করে বাসায় চলে যায়।

আসামিদের বরাত দিয়ে মুক্তা ধর বলেন, একসময় রাত গভীর হলে এবং মার্কেটের অন্যান্য দোকান বন্ধ হয়ে গেলে তারা আবারও দোকানে ফিরে আসে এবং তিনজন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। এভাবে দুই দুফা ধর্ষণের পর ওই নারীর জ্ঞান ফিরলে তিনি বিষয়টি সবাইকে জানাবেন বলে চিৎকার করেন। এমতাবস্থায় ধর্ষকরা ধরা পড়ার ভয়ে ওই নারীকে তার গলার ওড়না পেছিয়ে ও বালিশ চাপা দিয়ে খুন করে এবং তার মৃতদেহ ছয় টুকরো করে। পরে দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মেসি তালা দিয়ে তারা চলে যান।

তিনি বলেন, তাদের পরিকল্পনা ছিলো, যেহেতু সকাল হয়ে গেছে, পরে অন্য সময় লোক চক্ষুর আড়ালে ওই নারীর দেহের টুকরোগুলো মাছের খামারে ফেলে দিবে। কিন্তু তার আগেই ওই নারীর পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং ওই ফার্মেসিতে গিয়ে দেখে দোকান বন্ধ। তারপর থেকেই সন্দেহ বাড়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান ভেঙে ওই নারীর খণ্ডিত মৃতদেহগুলো উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান এসএসপি মুক্ত ধর।