ঢাকা অফিস।।
সরকার এবং আমলাতন্ত্র এক হয়ে গেছে। সেখানে নির্বাচন কমিশন (ইসি) একা কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।
আকবর আলি খান বলেন, প্রত্যেকটা নির্বাচনে আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারকে ক্ষমতা দেওয়া থাকে। তারা যে সিদ্ধান্ত দেবেন, কমিশনের তার বাইরে যাওয়ার সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন (জাতীয় নির্বাচনে) জেলা প্রশাসকেরা। আর প্রিসাইডিং কর্মকর্তা হন সরকারি ও এমপিওভুক্ত বেশির ভাগ শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তা। তারা জানেন পদে থাকতে হলে সরকারের কথা শুনতে হবে। এই অবস্থা নিয়ন্ত্রণ করতে হলে আমলাতন্ত্রের ওপর সরকারের ক্ষমতা কমাতে হবে। ইসি একা কিছু করতে পারবে না।
সার্চ কমিটির ওপর আস্থা নেই জানিয়ে তিনি বলেন, এর কারণ হচ্ছে, তারা সবাই দল করেন। আর যদি দলও না করেন, তাহলেও কোনো কাজ হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই।
তিনি বলেন, আমাদের দেশের সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে। আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছা করলেই একটি ভালো নির্বাচন করতে পারবে না। এ জন্য নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে। বেশির ভাগ দল গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বলেও জানান তিনি।
জনগণ এ দেশের মালিক উল্লেখ সেমিনারে সভাপতির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, মানুষকে ভোটাধিকারের পাহারাদার হতে হবে। এ জন্য মানুষকে সচেতন করতে হবে, পাড়া–মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। ভোটাধিকার মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার। না হলে যারা এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চায়, তারা সফল হয়ে যাবে।
তিনি বলেন, দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের সর্বক্ষেত্রে আজ ভগ্নদশা। জনগণের দাবি যখন নিরপেক্ষ নির্বাচন, এর জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, তখন সরকার দেশের জাতির বিবেককে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে সার্চ কমিটি গঠনের জন্য আইন প্রণয়ন করেছে, যা নির্বাচন কমিশন গঠনের আইন বলে প্রচার করা জাতির সঙ্গে তামাশা ও এক মহা প্রহসনমাত্র।
সেমিনারে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে সরকার ফলাফল বেহাত করতে (নিজেদের মতো করে নিতে) সরকার অনুগত লোকদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। এর মাধ্যমে একটি অনুগত ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন করা হবে এবং পেপার অডিট ট্রেইল ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে আসল কারচুপি হবে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন নির্বাচন হলে সেখানে ড. কামাল হোসেন বা আকবর আলি খানকে নির্বাচন কমিশনার করা হলেও ভোট সুষ্ঠু হবে না বলেও জানান তিনি।











































