ঢাকা অফিস।।
জাতীয় পরিচিতি সেবার মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের নতুন খাত অন্তর্ভূক্ত হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মাধ্যমে ২৮৫ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ১৮৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। ২০১৬ সালের জনু থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সেবা থেকে এই আয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, হারানো এনআইডি উত্তোলন ফী, এনআইডি সংশোধনের আবেদনের ফী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে এনআইডির তথ্য যাচাই ফী ইত্যাদি খাত থেকে এই আয় হয়েছে।
সূত্র আরো জানায়, করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদেরকে ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সাহায্য সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিৎ করতে ৫০ লাখ ব্যক্তির এনআইডি ও জন্ম তারিখ যাচাই করা হয়। এতে প্রায় ৭ লাখ ৪৬ লাখ ভুয়া ত্রাণগ্রহীতা শনাক্ত করা। যার ফলে সরকারের প্রায় ৩৫৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
এনআইডি সেবার ধরণ:
সরকারি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের ক্ষেত্রে: অনলাইনে আইডি নম্বর, জন্ম তারিখ পাঠানো হলে ডাটাবেজ হতে নাম, আইডি নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, ছবি সরবরাহ করা হয়।
মোবাইল অপারেটরে ফিঙ্গারপ্রিন্ট যাচাই সেবার ক্ষেত্রে: অনলাইনে আইডি, জন্ম তারিখ, আঙ্গুলের ছাপ পাঠানো হলে ডাটাবেজ থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য যাচাই করে হ্যাঁ/না আকারে জানানো হয়।
সরকারি প্রতিষ্ঠানে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে: অনলাইনে আইডি নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম পাঠানো হলে ডাটাবেজ হতে শুধুমাত্র এ সকল তথ্য যাচাই করে হ্যাঁ/না আকারে জানানো হয়।
আইন প্রয়োগকারী সংস্থার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে: বেওয়ারিশ লাশ, জঙ্গি, অপরাধীদের আঙ্গুলের ছাপ অনলাইনে পাঠানো হয় এবং ডাটাবেজে সংরক্ষিত সকল বায়োমেট্রিক তথ্যে সাথে আঙ্গুলের ছাপ যাচাই করে পরিচিতি শনাক্ত করা হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই: অনলাইনে আইডি নম্বর, জন্ম তারিখ পাঠানো হলে ডাটাবেজ হতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির নাম, আইডি নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম ও ছবি ইত্যাদি ইমেজ আকারে পোর্টালে প্রদর্শন করা হয়।
আইন প্রয়োগকারী সংস্থাসমূহে ওয়াইল্ড সার্চের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ: অনলাইনে বিভিন্ন তথ্য, যেমন- নাম, পিতার নাম, জেলা, উপজেলার নাম ইত্যাদি আংশিক তথ্যের ভিত্তিতে ডাটাবেজ হতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি যাচাই করে প্রয়োজনীয় তথ্য পোর্টালে প্রদর্শন করা হয়।
ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ ইসির তথ্য ভান্ডারে ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটারের তথ্য রয়েছে।











































