ঢাকা অফিস।।
করোনার সংক্রমণ বাড়ায় সরকারের দেওয়া বিধি-নিষেধের মধ্যে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার কথা। সেজন্য আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিলো।
ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।











































