গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ মিনারের বেদি ও নিরাপত্তা বেষ্টনী ভাঙার অভিযোগ উঠেছে তহশিলদারের বিরুদ্ধে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রোববার হাকিমপুর, দাসেরহাট ও ভ্রমর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। জানা গেছে, হাকিমপুরের পাশের দাসেরহাট গ্রামের মিলু মোল্লার স্ত্রী রেখা বেগম শহীদ মিনারের জায়গা তার বলে দাবি করে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে মুকসুদপুর তহশিল অফিসের তহশিলদার দেব রতন বিশ্বাস এ ঘটনা ঘটিয়েছেন। হাকিমপুর গ্রামের হাসান আলী বলেন, দাসেরহাট, হাকিমপুর ও ভ্রমর গ্রামের মানুষ হাকিমপুর গ্রামের রাস্তার পাশে খাসজমিতে ২০০০ সালে এই শহীদ মিনার নির্মাণ করেন। শহীদ মিনারের সামনের জায়গা দাসেরহাট গ্রামের মিলু মোল্লার স্ত্রী রেখা বেগমের। শহীদ মিনারকে রাস্তার খাদের ধস থেকে রক্ষার জন্য আমরা একটি নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করি। রেখা বেগম শহীদ মিনার উচ্ছেদ করে ওই জায়গায় দোকান নির্মাণের পরিকল্পনা করেন। তিনি তার লোকজন ও তহশিলদারের সহযোগিতায় ২৯ ডিসেম্বর শহীদ মিনার উচ্ছেদ করতে এসে এর বেদি ও বেষ্টনী ভাঙেন। পরে শহীদ মিনারে আঘাত করলে আমরা বাধা দিই।
বীর মুক্তিযোদ্ধা সামচুল হক বলেন, এটি করে মুকসুদপুর উপজেলা প্রশাসন বিতর্কিত হয়েছে। তাই আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রেখা বেগম বলেন, শহীদ মিনারের জায়গায় আমি দোকান নির্মাণের পরিকল্পনা করি। এ জন্য জায়গাটি ফাঁকা করে দিতে ইউএনওর কাছে আবেদন করি। এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ও তহশিলদার ২৮ ডিসেম্বর আমার জায়গা পরিমাপ করেন। শহীদ মিনারের মধ্যে আমার জায়গা নেই বলে তারা পরিমাপ শেষে জানান। পরদিন তহশিলদার ও সার্ভেয়ার লোকজন নিয়ে এসে ভাঙচুর করেন। তহশিলদার দেব রতন বিশ্বাস বলেন, এক নারীর আবেদনের পর আমরা পরিমাপ করে দেখেছি শহীদ মিনারটি খাস জায়গায়। সম্প্রতি শহীদ মিনার ঘেঁষে বেষ্টনী গড়ে তোলা হয়। এসিল্যান্ডের নির্দেশে বেষ্টনী ভেঙে ফেলা হয়। শহীদ মিনারে কোনো আঘাত করা হয়নি। মুকসুদপুরের এসিল্যান্ড আলাউল ইসলাম বলেন, শহীদ মিনার-সংলগ্ন দেয়াল ভেঙে সরকারি সামান্য খাসজমি উদ্ধার করা হয়েছে। শহীদ মিনার ভাঙা হয়নি। এ ব্যাপারে মুকসুদপুরের ইউএনও জোবায়ের রহমান রাশেদ বলেন, এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এসিল্যান্ডকে বলেছি। শহীদ মিনার ভাঙার বিষয়টি জানা নেই।











































