স্টাফ রিপোর্টার।।
খুলনায় ৮০ পিস ইয়াবাসহ মো. নাজমুল খান (২১) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। গতকাল বুধবার দুপুরে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাজমুল খান নগরীর বয়রা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার মো. নায়েব আলী খানের ছেলে। বর্তমানে রূপসা উপজেলায় অস্থায়ীভাবে বসবাস করছেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মো. নাজমুল খানকে ৮০পিস ইয়াবাসহ আটক করা হয়। নাজমুল স্বীকার করেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন কনস্টেবল। বর্তমানে তিনি নগরীর বয়রা পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, শুনেছি, মাদকদ্রব্য অধিদপ্তরের লোকেরা ইয়াবাসহ একজন পুলিশ সদস্যকে আটক করেছে। তবে রাত পৌঁনে ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।











































