Home আঞ্চলিক ঝিনাইদহে বিজয়ী মেম্বর প্রার্থী ও সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর

ঝিনাইদহে বিজয়ী মেম্বর প্রার্থী ও সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর

18

ঝিনাইদহ প্রতিনিধি।।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক পৃথক সহিংসতা দেখা দিয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে।

রোববার সন্ধার পর ওই গ্রামের জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রোববারের ৪র্থ ধাপের নির্বাচনে সদস্য পদে নির্বাচিন হন সোহেল রানা। ওই রাতেই পরাজিত আতিয়ার রহমান মেম্বর প্রার্থীর সমর্থক আলী রশিদের নেতৃত্বে বিজয়ী সোহেল রানার সমর্থক জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে সদর উপজেলার ১২ নং দোগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রতিদ্বন্দিতা করেছিলেন। তাদের মধ্যে ফুটবল প্রতীকে মোক্তার হোসেন বিজয়ী হন। পরে পরাজিত মেম্বর প্রার্থী নাজমির মুন্সি মোরগ প্রতীকে ও হাফিজুর রহমান আপেল প্রতীকের সমর্থকরা বিজয়ী প্রার্থী মোক্তার হোসেনের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে এস আই আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।