Home আঞ্চলিক দাকোপের কৃষকেরা ধান চাষের পরই তরমুজ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে

দাকোপের কৃষকেরা ধান চাষের পরই তরমুজ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে

16

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।

 দাকোপের কৃষকেরা আমন ধান চাষের পরই তরমুজ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাজুয়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের তরমুজ চাষী শ্রীকান্ত রায় জানান এখন থেকেই তরমুজ চাষের জন্য মিষ্টি পানি ধরে না রাখতে পারলে পরে আর পানি পাওয়া যাবে না। তিনি বলেন কয়েক দিনের মধ্যেই নদীর পানি নোনা হয়ে যাবে তাই তরমুজ চাষের জন্য এখনই গেটের মুখ বন্ধ করে দিয়ে নদীতে বাঁধ দিতে হবে। তা না হলে খালের পানি নোনা হয়ে যাবে। তরমুজ চাষের জন্য  প্রধান আধার হচ্ছে মিষ্টি পানি তা না হলে তরমুজ চাষ সম্ভব নয়। তাই কৃষক তরমুজ চাষের জন্য আগাম প্রস্তুতি হিসেবে নদীতে বাঁধের কাজ শুরু করেছে। বাজুয়া ৬ নং ওয়ার্ডের পর পর ৩বার নির্বাচিত ইউপি সদস্য ও এলাকার একজন সফল তরমুজ চাষী দীনবন্ধু মন্ডল বলেন আগাম তরমুজ চাষ করতে না পারলে বেশি দাম পাওয়া যায় না। গত বছর আমি ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করে নাবিতে হওয়ার কারণে ১২ লক্ষ্যর জায়গায় ৮ লক্ষ টাকার মতো বিক্রয় করেছিলাম তাই এবার আগে-বাগেই তরমুজ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন আমাদের ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়ের আন্তরিক প্রচেষ্টার ফলে এবার আগেই নদীতে বাঁধের কাজ শুরু হয়েছে। তরমুজ চাষের জন্য যাতে কৃষকরা মিষ্টি পানির জন্য ভুগান্তির শিকার না হয় তার জন্য আজ সকালে আমাদের চেয়ারম্যান বাঁধের কাজের শুভ উদ্বোধন করেন। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় তরমুজ চাষের জন্য নদীতে বাঁধের কাজের উদ্বোধন করতে গিয়ে বলেন তরমুজ চাষের প্রধান আধার হলো মিষ্টি পানি। পানি না হলে তরমুজ চাষ সম্ভব নয় তাই আমি চেয়ারম্যান হওয়ার পর আগেই তরমুজ চাষের জন্য বাঁধের কাজ ইউপি সদস্যদের সাথে নিয়ে শুরু করেছি যাতে তরমুজ চাষীরা চাহিদা মতো মিষ্টি পানি পেতে পারে। এলাকার কৃষকদের  অন্যান্য বারের মতো যাতে চাষের সময় পানির জন্য আ-হা-কার না করতে হয় তার জন্য এবার আগেই বাঁধের কাজ করছি। দাকোপের কৃতি সন্তান এলাকার মা- মাটি মানুষের নেত্রী ও কৃষকদের নয়নের মনি বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমি নিজেও কৃষকের সন্তান তাই এই এলাকার কৃষকদের চাষকৃত কৃষি পণ্য সঠিক ভাবে উৎপাদন করে সঠিক মূল্য পায় তার জন্য নদী খনন সহ রাস্তা-ঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এবার তরমুজের আগেই  লাউডোব ঘাটে ফেরি চালু হবে। এর ফলে কৃষক তাদের চাষকৃত তরমুজ সহ কৃষি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে ন্যায্য মূল্য পাবে। দাকোপ উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান এই এলাকার তরমুজের চাহিদা সারা বাংলাদেশে রয়েছে। দাকোপ তরমুজ চাষের জন্য সুনাম অর্জন করেছে। সারা বাংলাদেশে বাজুয়ার তরমুজ এক নামে চেনে। গত বছর দাকোপের চাষীরা তরমুজ চাষ করে তাদের অর্থনৈতিক অক্ষমতা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। প্রচুর অর্থ আয় করতে সক্ষম হয়েছে এলাকার কৃষকেরা তাদের চাষকৃত তরমুজ বিক্রয় করে। এবারও চাষীরা তরমুজ চাষ করে ভালো ফল পাবে বলে আশা করি। আমি নিজে ও আমাদের ইউনিয়নের কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছে এলাকায় কৃষকদের তরমুজ উৎপাদনসহ ভালো ফলন পাওয়ার জন্য।