স্টাফ রিপোর্টার ।।
নগরীর মোহাম্মদনগর হুসাইন মসজিদ এলাকার ইজিবাইক চালক জাকির হোসেন কালু হত্যায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ ডিসেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তানিয়া হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট (হোগলা ডাঙ্গা) এলাকার মো. কালাম এর স্ত্রী।
র্যাব-৬ জানায়, মোহাম্মদনগর হুসাইন মসজিদ এলাকার মৃত. শুকুর আলীর ছেলে জাকির ৮ বছর আগে নগরীর গল্লামারী লায়ন্স স্কুল এলাকার তানিয়ার সাথে তার বিয়ে হয়। কিন্তু সে বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। পরে তানিয়াকে তালাক দেয় সে। পরবর্তীতে তানিয়া লবনচরা থানায় জাকিরের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রায়ই জাকিরকে ওই নারী হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করত। ২২ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে জিরোপয়েন্ট এলাকার সোহাগসহ অজ্ঞাতনামা কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে জাকিরকে ধরার জন্য। পালানোর চেষ্ট করেও ব্যর্থ হয় সে। মোটরসাইকেলে করে তাকে তুলে নেওয়া হয়। পরিবারে সদস্যরা তাকে খোঁজ করার জন্য বের হয়েও ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জেমের স্ত্রী তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১০। এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর রাত ১১টার দিকে হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তানিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ২০৪ লিটার দেশী মদসহ গ্রেপ্তার ২
নগরীর সদর থানাধীন বার্মাশীল লেনে অভিযান চালিয়ে ২০৪ লিটার দেশী চোলাই মদসহ দু’মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
দু’মদ ব্যবসায়ী হলেন নগরীর বড় বয়রা আজিজের মোড়ের আব্দুল মান্নান হাওলাদার এর ছেলে মো. মোর্শেদ হাওলাদার (৩১) ও ৫নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসিক ডি ব্লক এর মৃত আব্দুল আজিজ খাঁর ছেলে মো. মোনা খাঁ (৪২)।
র্যাব-৬ জানায়, ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বার্মাশীল লেনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল। এসময় ১, স্টেশন রোড মেসার্স ইভা এন্টারপ্রাইজ এর দোকানের বাম পাশে বার্মাশীল কলোনীর মুখ থেকে ২০৪ লিটার দেশী চোলাই মদসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইসা গ্রেপ্তার
নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামী হলেন ৫১ বিকে ইষ্টলেন পূর্ব বানিয়াখামার এলাকার আব্দুল রাবেক ওরফে আব্দুর রাবিক খানের ছেলে মো. ইসা (৪২)।
র্যাব-৬ জানায়, ২৩ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বড় মসজিদ মোড়স্থ শহিদুল ইসলাম এর পানের দোকানের সামনে থেকে জিআর নং-১৮০/০০, জননিরাপত্তা ২৬(২)০০ এর ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ইসাকে গ্রেপ্তার করা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী মামুন মুন্সি গ্রেপ্তার
নগরীর লবনচরা এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের এক প্রতিবন্ধী শিশুকে (১৪) ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মো. মামুন মুন্সি (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ ডিসেম্বর রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন মুন্সি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পুর্ব পশারীবুনিয়া গ্রামের মৃত. সুলতান আহম্মেদ (মাষ্টার) এর ছেলে।
র্যাব-৬ জানায়, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের এক প্রতিবন্ধী শিশুটির মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে প্রতিবন্ধী শিশুটি পূর্ব পশারীবুনিয়া গ্রামের মামুন মুন্সির বাড়িতে ৬ মাস পূর্বে গৃহকর্মীর কাজ নেয়। গৃহকর্মীর কাজ করতে গিয়ে গৃহকর্তার লালসার স্বীকার হয়ে প্রতিবন্ধী শিশু (১৪) টি অন্তঃসত্তা হয়ে পরে। গৃহকর্তার স্ত্রী শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন বুঝতে পেরে শিশুটিকে খুলনার অজ্ঞাতনামা একটি ক্লিনিকে এনে গর্ভপাত করায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ১৬ ডিসেম্বর ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শিশুটির ফুফু ৩জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় মামলা করেন যার মামলা নং-৭। উক্ত মামলাটি র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকশ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহারনামীয় পলাতক আসামীদেরকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর রাত ১০টার দিকে লবনচরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর প্রতিবন্ধী শিশু ধর্ষন ও গর্ভপাত করানো মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মামুন মুন্সিকে গ্রেপ্তার করে। তাকে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বয়রা পূজাখোলা শ্মশানঘাট রাশেদুলের বাড়ির ভাড়াটিয়া মৃত. আনছার সরদার এর ছেলে দ্বীন ইসলাম সরদার (২৫), ৭৮, স্যার ইকবাল রোড বাইতিপাড়ার মৃত. সুণীল কুমার বণিকের ছেলে সুকান্ত বণিক (৪৩), ২৭, মিউনিসিপ্যাল ট্যাংক রোডস্থ মিনা মঞ্জিলের মৃত. তাজুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন ওরফে ইমন (৪২) ও ২২, টুটপাড়া মেইন রোডের মো. ইকরামুল কবির এর মেয়ে শ্রাবনী কবির (৩৪)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।











































