খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকারের সহযোগিতায় নগর জুড়ে উন্নয়ন কাজ চলছে। একইসাথে দাতা সংস্থার অর্থায়নেও নগরীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের ক্ষেত্র সম্প্রসারণ ও ধারাবাহিকতা ধরে রাখতে আরও নতুন নতুন প্রকল্প প্রণয়ন করা দরকার। দাতা সংস্থাসমূহের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করা গেলে খুলনা মহানগরীর সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে দাতা সংস্থা জার্মান ডেভলপমেন্ট কোঅপারেশন (কেএফডব্লিউ) কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন। ‘‘সিসিএইউডি-খুলনা কম্পোনেন্ট’’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সংস্থার কর্মকর্তাগণ বর্তমানে খুলনা সফর করছেন। তিনি আগত অতিথিদের অভিনন্দন জানান এবং খুলনা মহানগরীর উন্নয়নে সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকল্পের আওতায় মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতা বিশ্লেষণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় দৌলতপুর ও মহেশ্বরপাশায় বাঁধ, রূপসায় রিভার ফ্রন্ট পার্ক ও রূপসা কেসিসি মার্কেট উন্নয়নসহ স্লুইচ গেট, খাল, পুকুর, ড্রেন ইত্যাদির উন্নয়ন করা হবে।
সভায় কেএফডব্লিউ’র পক্ষ থেকে মিশন লিডার ক্রিস্টা বার্ড, টীম লিডার জন ক্যামার, আরবান রিজিলিয়েন্স স্পেশালিস্ট এসএম মেহেদী আহসান, প্রকৌশলী পিটার রুনি, ই এন্ড এস এক্সপার্ট দোহা ভোকমার উপস্থিত ছিলেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম প্রমুখ সভায় প্রকল্প বিষয়ে মতামত তুলে ধরেন।
পরে সিটি মেয়র আগত কর্মকর্তাদের সাথে নিয়ে প্রকল্প বাস্তবায়ন স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন।











































