Home আঞ্চলিক সীমান্তবর্তী উপজেলা শার্শায় ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ

সীমান্তবর্তী উপজেলা শার্শায় ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ

8

বেনাপোল প্রতিনিধি।।

আসন্ন ইউপি নির্বাচনে ব্যবহার করতে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রাম থেকে আজ শুক্রুবার ভোরে ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হাসান টিংকুর সমর্থক মন্টু মুন্সির গোয়ালঘরে বোমাগুলো লুকানো ছিল।

পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রুদ্রপুর গ্রামের মন্টু মুন্সির গোয়ালঘরে অভিযান চালিয়ে ৩৭টি হাতবোমা উদ্ধার করে। বোমাগুলো থানায় এনে পানিতে রাখা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

কায়বা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন জানান, মন্টু মুন্সি বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ হাসান টিংকুর সমর্থক। তার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হাসান টিংকু জানান, নির্বাচনে পরাজিত হবে জেনে,ভোটারদের নজর অন্যদিকে নিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মন্টু মুন্সির গোয়াল ঘরে বোমাগুলো রেখে পুলিশে খবর দেয়। আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেরার ১০ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, রুদ্রপুর গ্রামের একটি গোয়াল ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে উপরিমহলে জানানো হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।